ভোটের ফল ঘোষণার আবহে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। বুধবার লালবাজারে সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্পষ্ট জানিয়ে দেন, আগাম অনুমতি ছাড়া কোনও বিজয়মিছিল করা যাবে না। পাশাপাশি মিছিলে জেসিবি বা ভারী যন্ত্র ব্যবহার করা হলে শুধু অংশগ্রহণকারীদের নয়, সেই যন্ত্রের মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
সিপি অজয় নন্দ বলেন, “ভোট শান্তিপূর্ণ ও অবাধ ভাবে সম্পন্ন হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শহরে শান্তি বজায় রাখা।” তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানান। কোথাও ভয়ভীতি বা হিংসার পরিবেশ তৈরি করার চেষ্টা হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে দ্রুত পদক্ষেপ করবে বলেও জানান তিনি।
কলকাতা পুলিশ সূত্রে খবর, বর্তমানে শহরে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ভোট পরবর্তী পরিস্থিতিতে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে অস্ত্রও। পুলিশের দাবি, শহরে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
জেসিবি নিয়ে মিছিল প্রসঙ্গে সিপির মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জেসিবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে কলকাতা পুলিশের এই কড়া অবস্থানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে পুলিশের দায়িত্বে কোনও গাফিলতি ধরা পড়লে বিভাগীয় স্তরেও ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন অজয় নন্দ।
