ইংল্যান্ড: ৩ (জুড বেলিংহ্যাম ২, হ্যারি কেন ১) মেক্সিকো: ২ (জুলিয়ান কিনোনেস, রাউল হিমেনেজ)
খবর অনলাইন ডেস্ক: ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ ষোলোর লড়াই ছিল চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। পাঁচ গোল, দুটি পেনাল্টি, একটি লাল কার্ড এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরা এই ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল টমাস টুখেলের দল।
– বিজ্ঞাপন –
ম্যাচের শুরুতে ঘরের মাঠে মেক্সিকোই দাপট দেখায়। তবে ৩৬ মিনিটে জুড বেলিংহ্যামের হেডে এগিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ৯৮ সেকেন্ড পরে আবার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতির আগে জুলিয়ান কিনোনেস গোল শোধ করে মেক্সিকোকে ম্যাচে ফেরান।
দ্বিতীয়ার্ধে জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখায় প্রায় আধ ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। তবু অ্যান্থনি গর্ডনের ওপর ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে হ্যারি কেন ৩-১ করেন। পরে কেনের ফাউল থেকে পাওয়া পেনাল্টি গোল করে ব্যবধান কমান রাউল হিমেনেজ। শেষ ২০ মিনিট মেক্সিকো একের পর এক আক্রমণ চালালেও জর্ডন পিকফোর্ডের দৃঢ় গোলকিপিং ও ইংল্যান্ডের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ তাদের আর সমতায় ফিরতে দেয়নি।
এই জয়ে শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ আর্লিং হালান্ডের নরওয়ে, যাদের কাছে হেরে গিয়ে ব্রাজ়িল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
