সাংবাদিকতা, শ্রমিক আন্দোলন এবং সমবায় সংগঠনের দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল। সান্ধ্য সত্যযুগ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক এবং সমবায় আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতি গুহ মজুমদার বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর জীবনাবসান ঘটে।
– বিজ্ঞাপন –
১৯৫৭ সালে দমদমে জন্মগ্রহণ করেন প্রীতি গুহ মজুমদার। ছাত্রাবস্থা থেকেই তিনি সমাজ ও রাজনীতির বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তৎকালীন প্রভাতী সত্যযুগ পত্রিকার সঙ্গে তাঁর কর্মজীবনের সূচনা।
আশির দশকে সংবাদপত্র শিল্পের শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্যযুগ-সহ বিভিন্ন সংবাদপত্রের কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৮৭ সালের ২ জুলাই প্রতিষ্ঠিত সত্যযুগ এমপ্লয়িজ কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেড-এর গঠনে তিনি অগ্রণী ভূমিকা নেন। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার ফলেই সত্যযুগ প্রেস ধীরে ধীরে একটি শক্তিশালী সমবায় প্রতিষ্ঠানে পরিণত হয়। সংবাদপত্র কর্মচারী সংগঠন থেকে শুরু করে বৃহত্তর সমবায় আন্দোলনের বিভিন্ন স্তরে তিনি নেতৃত্ব দিয়েছেন।
২০০১ সালে সান্ধ্য সত্যযুগ পত্রিকার সূচনালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। সাংবাদিকতা এবং সমবায় ব্যবস্থাকে একসূত্রে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
প্রীতি গুহ মজুমদার রাজ্য সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সমবায় ক্ষেত্রের উন্নয়ন ও কর্মীদের স্বার্থরক্ষায় তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিল।
তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক, সমবায় কর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা। এদিন তাঁর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা।
ব্যক্তিগত জীবনে তিনি রেখে গিয়েছেন স্বামী চিত্ত দেবনাথ, কন্যা এবং জামাতাকে। চিত্ত দেবনাথ বর্তমানে সান্ধ্য সত্যযুগ পত্রিকার সম্পাদক এবং সত্যযুগ শিল্প সমবায়ের ম্যানেজিং ডিরেক্টর।
সংগ্রামী মনোভাব, সাংগঠনিক দক্ষতা এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠার জন্য প্রীতি গুহ মজুমদার দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করছে সংবাদ ও সমবায় মহল।
