খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে পর্তুগালের জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়েছেন ৪১ বছর বয়সি এই তারকা ফুটবলার। এর ফলে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল ও বর্ণময় কেরিয়ারের অবসান ঘটল।
কী বললেন রোনাল্ডো?
দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে খেলেছেন রোনাল্ডো। বৃহস্পতিবারের ঘোষণায় তিনি জানিয়েছেন, এ বার জাতীয় দলের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। যদিও এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না বলেই জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
– বিজ্ঞাপন –
রোনাল্ডো বলেছেন, “সিদ্ধান্তটা সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়ের কথাও শুনতে হয়। যদি কখনও আমার খেলা আপনাদের আনন্দ দিয়ে থাকে, আমার কোনও গোল দেখে কেউ কাউকে জড়িয়ে ধরে থাকেন, কোনও দুশ্চিন্তা ভুলে গিয়ে থাকেন কিংবা নিজের দেশকে নিয়ে গর্ব অনুভব করে থাকেন, তা হলে আমার এই দীর্ঘ যাত্রা সার্থক।”
২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে পাশে থাকা পরিবার, পর্তুগালের মানুষ, সতীর্থ, কোচ এবং দলের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভিডিওর সঙ্গে রোনাল্ডো লিখেছেন, “পর্তুগাল সব সময় আমার অংশ হয়ে থাকবে।”

পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
বেশি ম্যাচ খেলা ও বেশি গোল করার বিশ্বরেকর্ড তাঁরই দখলে
পর্তুগালের হয়ে রোনাল্ডোর পরিসংখ্যানও ঈর্ষণীয়। জাতীয় দলের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৪৬টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ড দু’টিই তাঁর দখলে।
বিজ্ঞাপন
২০১৬ সালে রোনাল্ডোর নেতৃত্বেই প্রথমবার ইউরো কাপ জেতে পর্তুগাল। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
বিদায়টা খুব একটা মসৃণ হল না
তবে রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের শেষটা খুব একটা মসৃণ হল না। দীর্ঘদিনের সতীর্থ লিয়োনেল মেসি গত মাসে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। অন্যদিকে, পর্তুগালের হয়ে রোনাল্ডোর শেষ ম্যাচ ছিল গত ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল পর্তুগাল।
এর পরের ম্যাচে কোচ জর্জ জেসুস তাঁকে প্রথম একাদশে রাখেননি। এমনকি পরবর্তী ম্যাচেও তাঁকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন কোচ। এর পরেই দলের অনুশীলন শিবির ছেড়ে চলে যান রোনাল্ডো। পরে জেসুস অবশ্য জানান, রোনাল্ডোর জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে। ফিরে আসার সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কৃতজ্ঞতা প্রকাশ
রোনাল্ডোর অবসরের ঘোষণার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনও বিবৃতি প্রকাশ করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছে। ফেডারেশনের বক্তব্য, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের দরবারে পর্তুগালের পরিচিতি বাড়িয়েছেন। তাঁর পথ অনুসরণ করার স্বপ্ন দেখা অসংখ্য তরুণ ফুটবলারকে অনুপ্রাণিত করেছেন। আমাদের অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা ফুটবলার।”
রোনাল্ডোর সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। সেখানে সমর্থক এবং দেশের মানুষ যাতে আরও একবার তাঁকে সম্মান জানাতে পারেন, সেই ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
ক্লাব ফুটবল খেলবেন রোনাল্ডো
জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন রোনাল্ডো। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন তিনি। চলতি মরশুমের শেষে ক্লাব ফুটবল থেকেও অবসর নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
তবে তাঁর সামনে এখনও একটি বড় লক্ষ্য রয়েছে। কেরিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চান রোনাল্ডো। এখনও পর্যন্ত তাঁর মোট গোলসংখ্যা ৯৮৫। অর্থাৎ, ফুটবলের ইতিহাসে এই বিরল নজির গড়তে আর মাত্র ১৫টি গোল প্রয়োজন।
ছবি: সৌজন্যে Christiano Ronaldo X account
