মালদহ: মুর্শিদাবাদের নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গ থেকে হাওড়া ও কলকাতাগামী ট্রেন চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। শনিবারও একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে রেল। একই জায়গায় বার বার ধস নামায় মেরামতির কাজ আরও কঠিন হয়ে উঠেছে। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অংশের ভিত শক্ত করার কাজ চলছে। তবে কবে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না রেল আধিকারিকেরা।
রেল সূত্রে খবর, টানা বৃষ্টিতে নিউ ফরাক্কার কাছে রেললাইনের নীচের মাটি নরম হয়ে গিয়েছে। ফলে একই জায়গায় বার বার ধস নামছে। পরিস্থিতি সামাল দিতে বালির বস্তা ও স্টোনচিপ্স দিয়ে রেললাইনের ভিত শক্ত করার কাজ চলছে। তবে এই কাজের জন্য অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা টানা বৃষ্টিহীন আবহাওয়া প্রয়োজন। তার মধ্যে ফের বৃষ্টি হলে মেরামতির কাজ ফের বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
– বিজ্ঞাপন –
ধসের জায়গাটির পাশেই একটি জলাশয় রয়েছে। সেখান থেকে জল চুঁইয়ে মাটির নীচে ঢুকে যাওয়ায় মাটির ভিত আরও দুর্বল হচ্ছে। এমনকি লাইনের পাশের একটি বিদ্যুতের খুঁটি একদিকে হেলে যাওয়ার খবরও মিলেছে।
শনিবারও বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন
শনিবার দক্ষিণবঙ্গমুখী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে—
- গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
- আলিপুরদুয়ার–শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
- হলদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল
- বালুরঘাট–শিয়ালদহ এক্সপ্রেস
- নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
- জলপাইগুড়ি রোড–শিয়ালদহ হমসফর এক্সপ্রেস
- রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেস
- যোগবনী–কলকাতা এক্সপ্রেস
- কাটিহার–হাওড়া এক্সপ্রেস
- রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস
- বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস
- নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস
- মালদহ টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
- নাহারলাগুন–সাঁতরাগাছি স্পেশ্যাল
- সহর্ষ–শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস
এ ছাড়াও মালদহ–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদহ–সাহিবগঞ্জ মেমু, সাহিবগঞ্জ–আজিমগঞ্জ মেমু, ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহিবগঞ্জ–মালদহ মেমু, আজিমগঞ্জ–সাহিবগঞ্জ মেমু, আজিমগঞ্জ–বরহারওয়া প্যাসেঞ্জার এবং আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।
Restoration work continues on a war footing at New Farakka, through the midnight hours and beyond. 🌙🚆
With nearly 90% of the restoration work completed, Ms. Gitika Pandey, General Manager, Eastern Railway, is closely monitoring the progress as senior officials, engineers and… pic.twitter.com/b60D0HuzwP
— Eastern Railway (@EasternRailway) September 5, 2026
ঘুরপথে চলছে একাধিক ট্রেন
পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে চালানো হচ্ছে। মালদহ থেকে নয়াদিল্লিগামী একটি এক্সপ্রেসকে কাটিহার, মানসি ও মুঙ্গের হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একই ভাবে বঠিন্ডা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস এবং উধনা–মালদহ টাউন স্পেশ্যালও বিকল্প পথে চালানো হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে কিছু ট্রেনকে নিউ ফরাক্কা, আজিমগঞ্জ ও কাটোয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই তালিকায় রয়েছে এনজেপি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস, শুক্রবারের গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া–এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং কলকাতা–হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।
এ ছাড়াও ফরাক্কা, আজিমগঞ্জ ও নলহাটি হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস, আগরতলা–চরলাপল্লি এক্সপ্রেস, শিয়ালদহ–শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বেঙ্গালুরু–রাধিকাপুর এক্সপ্রেস এবং তম্বরম–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস।
মেরামতির পর ধাপে ধাপে ট্রায়াল
রেল সূত্রে খবর, নতুন করে পরিস্থিতির অবনতি না হলে শনিবার আপ লাইনে আর কোনও ট্রেন বাতিল করার পরিকল্পনা নেই। বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আশাবাদী রেলকর্মীরা।
মেরামতির কাজ শেষ হলে সরাসরি যাত্রীবাহী ট্রেন চালানো হবে না। প্রথমে ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান করা হবে। সব ঠিক থাকলে চালানো হবে দুই কামরার ইনস্পেকশন ভ্যান। এরপর এক ঘণ্টার ব্যবধানে এলবিএইচ কামরা যুক্ত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু নিরাপদ থাকলে তবেই যাত্রীবাহী ট্রেন চালানোর অনুমতি দেওয়া হতে পারে।
পূর্বরেলের তরফে শনিবার সকালে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে সিগন্যালিং মেরামতির কাজও চলছে। রেলের আধিকারিকেরা জানিয়েছেন, শেষ ধাপের কাজ চলছে এবং নিরাপদ ও সুষ্ঠু ট্রেন চলাচল নিশ্চিত করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
