পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এ বার নজিরবিহীন ভোটদানের ছবি সামনে এসেছে। দ্বিতীয় দফার ভোট শেষে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ। প্রথম দফার ৯৩.১৯ শতাংশ ভোটের সঙ্গে মিলিয়ে মোট ভোটের হার দাঁড়িয়েছে ৯২.৮৫ শতাংশে। এর ফলে দেশের সর্বকালের ভোটদানের রেকর্ড ভেঙে দিল বাংলা। এর আগে ২০১৩ সালে ত্রিপুরায় ৯১.৮২ শতাংশ ভোট পড়েছিল, যা এত দিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঐতিহ্যগত ভাবে ভোটের হার বেশি হলেও এ বার পশ্চিমবঙ্গ সেই সব রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় বা অসম—সব রাজ্যের আগের সর্বোচ্চ ভোটের হারকেও পিছনে ফেলেছে বাংলা। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহার বা দিল্লির মতো রাজ্যগুলিতে ভোটের হার তুলনামূলক ভাবে অনেক কম। ফলে এ বারের ভোটে বাংলার অংশগ্রহণ দেশের মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
উঠল পুনর্নির্বাচনের দাবিও
দ্বিতীয় দফার ভোটের পর দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রে অশান্তি ও অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এবং মগরাহাট পূর্ব—এই কেন্দ্রগুলিতেই সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। সূত্রের খবর, অধিকাংশ আবেদনই বিরোধী দলের তরফে করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
