দুর্গাপুজোর মণ্ডপ ঘিরে আমিষ খাবার বিক্রি ও খাওয়ায় বিধিনিষেধ চায় বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। বাংলার পুজোয় আমিষ খাওয়ার রীতি নিয়ে কোনও সার্বিক আপত্তি না থাকলেও মণ্ডপ ও প্রতিমার আশপাশের এলাকা আমিষমুক্ত রাখার পক্ষে সওয়াল করেছে তারা। পুজো কমিটিগুলিকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
VHP-র কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দের বক্তব্য, বাংলার দুর্গাপুজোয় ঐতিহাসিক ভাবে আমিষ খাবারের চল রয়েছে। তাই পুজোয় মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করার কথা সংগঠন বলছে না। তবে মাতৃপ্রতিমার পবিত্রতা ও মণ্ডপের পরিবেশ বজায় রাখার জন্য প্রতিমার আশপাশে আমিষ খাবার বিক্রি বা খাওয়া উচিত নয় বলে তাঁর মত।
– বিজ্ঞাপন –
সংগঠনের প্রস্তাব, কোথাও আমিষ খাবার বিক্রি করতেই হলে মণ্ডপের বাইরে নির্দিষ্ট জায়গায় তার ব্যবস্থা করা হোক। যাতে খাবারের উচ্ছিষ্ট বা বর্জ্য মণ্ডপ চত্বরে না আসে।
VHP-র তরফে আরও বলা হয়েছে, পুজো কমিটিগুলির উচিত প্রতিমার আশপাশের পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা। এই বিষয়ে কমিটিগুলি প্রয়োজনীয় পদক্ষেপ না করলে সংগঠন ‘হস্তক্ষেপ’ করতে বাধ্য হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগান নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। VHP-র বক্তব্য, অন্য ধর্মের মানুষ দুর্গাপুজোর প্যান্ডেলে আসতে পারেন, তবে হিন্দু ধর্মীয় রীতি ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব হিন্দুদেরই।
অর্থাৎ, বাংলার দুর্গাপুজোয় আমিষ খাবার পুরোপুরি বন্ধ করার দাবি নয়, বরং মণ্ডপ ও প্রতিমার আশপাশের এলাকা আমিষমুক্ত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
