আসছে ১২ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে গড়াবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। গত ১০মে ১৫ সদস্যের দল জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির দলে আলোচিত নাম ছিল তাজ নেহার। মূলত সমৃদ্ধ পারফরম্যান্স না থাকার পরও তার দলে ডাক পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে সতীর্থের পাশেই আছেন অধিনায়ক জ্যোতি।

পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, ৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা তাজ নেহার ৭ ইনিংসে ৬.২৮ গড়ে করেছেন মাত্র ৪৪ রান। স্ট্রাইক রেট ৮৮, যা সংক্ষিপ্ত সংস্করণের সঙ্গে একেবারেই বেমানান। পাওয়ার হিটিং সামর্থ্যের জন্য মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে তার দলে আসাটা প্রশ্নবিদ্ধ হয়েছে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের পাশাপাশি প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সিরিজ সামনে রেখে রোববার রাতে জাতীয় দলের একাংশ ঢাকা ছাড়বে। বাকিরা উড়াল দেবেন ২৬ মে।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন জ্যোতি। নেহারকে দলে নেয়ার পক্ষে বললেন টাইগ্রেস অধিনায়ক।

‘তাজ নেহারের কথা যেটা বললেন, অনেক সময় কিছু কিছু খেলোয়াড়কে দেখবেন যে, ওর পরিসংখ্যান বললেন ৮ ম্যাচে ৪৪ রান করেছে, এটা খুব কম রান। ও তো খেলেছে কিন্তু ওখান থেকে কিন্তু অনেক সুযোগ পায় না। অনেক সময় টি-টুয়েন্টি ম্যাচে একটা খেলোয়াড়কে দুই বলের জন্য নামতে হয় বা তিন বলের জন্য নামতে হয় বা এমন একটা পরিস্থিতিতে নামতে হয় যেখানে আসলে চাইলেই ওভাবে হয় না, যেভাবেই হোক হিট করতে হয়। রান করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট যারা থাকে, তারা যেটা দেখে যে- ওই খেলোয়াড় আসলে অনুশীলনে কেমন করছিল, অনুশীলন ম্যাচগুলোতে তারা নিজেদের কেমন দেখাচ্ছে বা নির্দিষ্ট ভূমিকার জন্য।’

নেহারের পাওয়ার হিটিং সামর্থ্য আছে বলেছেন জ্যোতি, সেকারণে সুযোগ। বলেছেন, ‘তার মধ্যে একটা বাড়তি সামর্থ্য আছে। কারণ হিটিং সামর্থ্য এসএ গেমসে প্রমাণ করেছে। সেই হিসেবে তাকে আরও একটা সুযোগ দিয়েছি শেষ অনুশীলন ম্যাচে। শ্রীলঙ্কা সিরিজের আগেও অনুশীলন ম্যাচগুলো নিজেদের মধ্যে খেলেছি, তার কিছু ভালো পারফরম্যান্স ছিল দেখার মতো। তাই সেদিক থেকে চিন্তা করে আসলে তাকে সুযোগ দেয়া হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *