শুধু খাবার নয়, সাবান, শ্যাম্পু বা টুথপেস্ট কেনার সময়ও এবার থেকে নজর দিতে হবে প্যাকেটের গায়ে থাকা রঙিন বিন্দুতে। কোনও পণ্য নিরামিষ না আমিষ উৎসের উপাদান দিয়ে তৈরি, তা সহজে বোঝাতে নতুন করে বাধ্যতামূলক করা হল রঙিন চিহ্ন। ফলে উপাদানের তালিকা খুঁটিয়ে না পড়েও পণ্যটির উৎস সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীন Department of Consumer Affairs ২১ সেপ্টেম্বর ২০২৬-এ Legal Metrology (Packaged Commodities) Fourth Amendment Rules, 2026 বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই সংশোধিত নিয়ম কার্যকর হয়েছে।
– বিজ্ঞাপন –
নতুন নিয়ম অনুযায়ী, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, অন্যান্য প্রসাধনী এবং টয়লেট্রিজের প্যাকেটের প্রধান প্রদর্শন অংশের উপরে নির্দিষ্ট চিহ্ন রাখতে হবে। পণ্যটি নিরামিষ উৎসের হলে থাকবে সবুজ বিন্দু। আর আমিষ উৎসের হলে থাকবে লাল অথবা বাদামি বিন্দু। চিহ্নটি এমন জায়গায় রাখতে হবে, যাতে ক্রেতার চোখে সহজেই পড়ে।
অর্থাৎ, এতদিন যে প্রশ্নের উত্তর জানতে অনেক সময় উপাদানের তালিকা পড়তে হত, এবার প্যাকেটের সামনের দিকেই তার একটি স্পষ্ট সংকেত থাকবে। বিশেষ করে নিরামিষভোজী ক্রেতারা কেনাকাটার সময় এই চিহ্ন দেখে পণ্য বেছে নিতে পারবেন।
উল্লেখ্য, Legal Metrology (Packaged Commodities) Rules, 2011 ইতিমধ্যেই একাধিকবার সংশোধিত হয়েছে। ২০২৬ সালের এই চতুর্থ সংশোধনের মাধ্যমে প্রসাধনী ও টয়লেট্রিজের ক্ষেত্রে নিরামিষ ও আমিষ উৎস বোঝানোর এই বিধানটি নিয়মের নতুন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
