কলকাতার জল সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পাইপলাইনে ফাটল ধরায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা ব্রিজের নীচে রেললাইনের তলায় থাকা ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি বা প্রায় ১,৮০০ মিলিমিটার ব্যাসের পাইপলাইনে ফাটল ধরা পড়ে। প্রবল বেগে জল বেরিয়ে প্লাবিত হয় টালা ও সংলগ্ন এলাকার একাংশ। কয়েক লক্ষ গ্যালন পানীয় জল নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাহত হয় শহরের বিস্তীর্ণ অংশের জল সরবরাহ।

সূত্রের খবর, পাইপলাইনের দু’টি জায়গায় ফাটল শনাক্ত করেছেন পুরকর্মীরা। একটি টালা ব্রিজের নীচে, অন্যটি সংলগ্ন রেললাইনের কাছে। সোমবার এলাকা জলমগ্ন থাকায় প্রথমে পাম্প বসিয়ে জল বের করা এবং নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলে। তার পর শুরু হয় মেরামতির প্রস্তুতি। ফলে পাইপলাইন সারানোর কাজে সময় লাগছে।

– বিজ্ঞাপন –

কিন্তু মঙ্গলবারেও জলকষ্টের ছবিটা বদলায়নি। শোভাবাজার, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, কুমোরটুলি ও পাইকপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে পুরসভার জল মিলছে না। কোথাও পর্যাপ্ত জলের গাড়ি পৌঁছচ্ছে না, কোথাও আবার একটি গাড়ির জল গোটা এলাকার মানুষের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট নয়। বাধ্য হয়ে অনেককে চড়া দামে পানীয় জল কিনতে হচ্ছে।

শোভাবাজারের বাসিন্দা আনোয়ার বেগমের অভিযোগ, সোমবার সকাল থেকেই তাঁদের এলাকায় জল বন্ধ। ১০ নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত জলের গাড়িও আসেনি। রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দা উজ্জ্বল পাল ও সুব্রত সাহাও একই সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, একটি জলের গাড়ি এলেও তা দিয়ে গোটা এলাকার প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বস্তি এলাকার বাসিন্দারা। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়া দাসের অভিযোগ, পুরসভায় ফোন করে জলের গাড়ি চাইলে ৭৫০ টাকা চাওয়া হচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় এক বিজেপি কর্মী অবশ্য দাবি করেছেন, পুরসভায় যোগাযোগ করলে জলের গাড়ি পাঠানো হচ্ছে এবং টাকা চাওয়ার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জল না পেয়ে অনেকেই এখন গঙ্গার কলের উপর নির্ভর করছেন। কুমোরটুলির বাসিন্দা সুষমা মাইতি জানিয়েছেন, প্রায় ১৫ মিনিট হেঁটে গঙ্গার কল থেকে জল আনতে হচ্ছে। এক বাসিন্দার বাড়িতে দুই প্রতিবন্ধী সদস্য থাকায় এই পরিস্থিতিতে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। বাসিন্দাদের একাংশের প্রশ্ন, পুরসভার হেল্পলাইন নম্বরে ফোন করেও যদি সাহায্য না মেলে, তা হলে অভিযোগ জানাবেন কোথায়?

বিজ্ঞাপন

পুরসভা সূত্রে খবর, পাইপলাইনের মেরামতির কাজ দ্রুত শেষ করে জল সরবরাহ আংশিক ভাবে চালু করার চেষ্টা চলছে। তবে ফাটল মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের চাপ কম থাকতে পারে এবং সরবরাহ অনিয়মিত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, জলকষ্টে জেরবার বাসিন্দাদের দাবি, দ্রুত পর্যাপ্ত জলের গাড়ি পাঠানোর পাশাপাশি হেল্পলাইনগুলিও সচল করা হোক। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত কোন এলাকায় কখন জল পাওয়া যাবে, তা এখন সময়ের ওপর নির্ভর করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *