
বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হতে বাকি সপ্তাহখানেক। এরমধ্যে দশটি ক্লাব লিগ পেছাতে আবেদন করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হবে ঘরোয়া লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ‘কম্পিটিশন কমিটি’র মিটিং শেষে এ জানানো হল।
বাফুফের লিগ কমিটির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী বললেন, ‘আগামী ১৮ ও ২২ তারিখে লিগ ও ফেডারেশন কাপ শুরুর পূর্বনির্ধারিত সূচি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বাফুফে খুব শিগগিরই সূচি প্রকাশ করবে।’
ক্লাবগুলো খেলতে ইচ্ছুক নয় এমন প্রশ্নে তিনি জানালেন, ‘সংবাদমাধ্যম বা আপনারা যেটা বললেন, ১০টি ক্লাব চিঠি দিয়ে জানিয়েছে যে তারা বর্তমান পরিস্থিতিতে খেলতে ইচ্ছুক নয়। এরমধ্যে সিটি ক্লাবের সই জালিয়াতির যে গুঞ্জন উঠেছে, বাফুফে এখনও তা আনুষ্ঠানিকভাবে হাতে পায়নি।’
‘ক্লাবগুলো যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং মাঠে না নামে, তবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি, এক্সিকিউটিভ কমিটি (ইসি) এবং সভাপতি আলোচনা করে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানালেন, ‘প্রথমবারের মতো লিগের ভেন্যু হিসেবে চাঁদপুর স্টেডিয়াম নির্বাচিত হয়েছে। মাঠের পিচ সরানো ও ঘাস লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ তারিখের মধ্যে বাফুফের প্রতিনিধি দল পুনরায় মাঠটি পরিদর্শন করবে।’
‘গাজীপুর স্টেডিয়ামের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শুধুমাত্র ঘাস কাটা, রোলিং এবং ড্রেসিংরুমের আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে।’
জাতীয় স্টেডিয়াম ঢাকা নিয়ে ইকবাল হোসেন জানালেন, ‘লিগের সাধারণ ম্যাচের পরিবর্তে এটি মূলত আন্তর্জাতিক ম্যাচ এবং ফেডারেশন কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে। স্টেডিয়ামের কিছু কাজ এখনও বাকি থাকায় এটি আনুষ্ঠানিকভাবে বাফুফেকে বুঝিয়ে দেয়া হয়নি।’
‘বসুন্ধরা, মুন্সীগঞ্জ এবং কুমিল্লা স্টেডিয়ামে খেলা স্বাভাবিকভাবে চলমান থাকবে। নতুন বা অসম্পূর্ণ ভেন্যুগুলোতে লোকবল বাড়িয়ে দ্রুত খেলার উপযোগী করার পদক্ষেপ নেয়া হয়েছে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
