কলকাতা: গার্ডেনরিচ ও তারাতলার মতো একাধিক নির্মাণ বিপর্যয়ের ঘটনার পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা ও সংলগ্ন একাধিক পুর এলাকায় নির্মীয়মাণ জি+৫ বা তার বেশি উচ্চতার বেসরকারি বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ আগামী এক মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সময়ের মধ্যে বিশেষ অডিট কমিটি সংশ্লিষ্ট বহুতলগুলির নকশা, নির্মাণমান এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, বালি, পূজালি ও বারুইপুর-সহ একাধিক এলাকায় এই নির্দেশ কার্যকর হবে। আপাতত আগামী ১ আগস্ট পর্যন্ত নতুন করে কোনও জি+৫ বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ করা যাবে না।
– বিজ্ঞাপন –
সরকার ইতিমধ্যেই ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের অডিট কমিটি গঠন করেছে। ওই কমিটি প্রথমে বহুতলগুলির নকশা পরীক্ষা করবে। এরপর অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য নিরাপত্তা মানদণ্ড খতিয়ে দেখা হবে। গুরুতর ত্রুটি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদন বাতিল করা হতে পারে। তুলনামূলক কম ত্রুটির ক্ষেত্রে নির্মাণকারী সংস্থাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, নগরায়ণের গতি থামানো সরকারের উদ্দেশ্য নয়। তবে মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না। তাই বহুতল নির্মাণে সমস্ত নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিনের মধ্যে অডিট কমিটিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা রাখা হয়েছে ৯০ দিন। অডিটে ছাড়পত্র পেলে আগামী ১ আগস্ট থেকে সংশ্লিষ্ট প্রকল্পগুলির নির্মাণকাজ ফের শুরু করা যাবে।
তবে এই নির্দেশ সাধারণ আবাসিক বাড়ির নির্মাণ বা সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সাধারণ মানুষ তাঁদের বসতবাড়ির নির্মাণ ও মেরামতির কাজ স্বাভাবিক নিয়মেই চালিয়ে যেতে পারবেন।
বিজ্ঞাপন
