কলকাতায় সমর্থকদের সঙ্গে প্রস্তাবিত সভা বাতিল হয়ে গেল Cockroach Janta Party (CJP)-র। দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার অভিযোগ, বিজেপি নেতাদের ‘হুমকি’ এবং রাজনৈতিক চাপের কারণেই উত্তর কলকাতার ভারতসভা হলে তাঁদের নির্ধারিত সভা বাতিল করতে হয়েছে। তবে এই অভিযোগের স্বাধীন কোনও প্রমাণ বা বিজেপির পক্ষ থেকে এই নির্দিষ্ট অভিযোগের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঙ্গলবার কলকাতায় CJP-র সমর্থকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। দলের তরফে দাবি করা হয়েছে, প্রথমে ভারতসভা হলে সভা করার কথা ছিল। কিন্তু পরে হল কর্তৃপক্ষ তা বাতিল করে দেয়। রাঙ্কার দাবি, শুধু ওই হলই নয়, আরও ছ’টি হলও রাজনৈতিক চাপের কথা জানিয়ে তাঁদের সভার অনুমতি দেয়নি।
– বিজ্ঞাপন –
সমাজমাধ্যমে একটি পোস্টে রাঙ্কা লেখেন, কলকাতার নির্ধারিত বৈঠক বাতিল হলেও এতে তাঁদের আন্দোলন থামবে না। তাঁর দাবি, “বিজেপি ককরোচদের ভয় পাচ্ছে”— এমন মন্তব্যও করেন তিনি। পাশাপাশি বাংলার সমর্থকদের সঙ্গে দ্রুত আরও বড় কর্মসূচিতে দেখা করার আশ্বাস দেন CJP-র নেতা।
প্রেস ক্লাবেও বাতিল সাংবাদিক বৈঠক
কলকাতায় শুধু সমর্থকদের সভাই নয়, রাঙ্কার একটি সাংবাদিক বৈঠকও বাতিল হয়েছে। প্রেস ক্লাব, কলকাতা-য় তাঁর সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু সোমবার রাত থেকে ক্লাবের বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় সেই কর্মসূচিও বাতিল করতে হয় বলে CJP-র তরফে জানানো হয়েছে।
তবে পর পর কর্মসূচি বাতিল হলেও পিছিয়ে আসার কথা জানাননি রাঙ্কা। তিনি জানিয়েছেন, বাংলায় তাঁদের ‘School Correction Programme’ চলবে।
এই কর্মসূচির মাধ্যমে সরকারি স্কুলগুলিতে গিয়ে সেখানকার পরিকাঠামোগত সমস্যা চিহ্নিত করা এবং সেগুলি সমাধানের জন্য রাজ্য সরকারের উপর চাপ তৈরির কথা জানিয়েছে CJP।
বিজ্ঞাপন
রাঙ্কার দাবি, কলকাতার কর্মসূচি বাতিল হলেও দলের সদস্যরা সরকারি স্কুলগুলিতে যাবেন এবং সেগুলির সমস্যা নিয়ে সরব থাকবেন। তাঁর কথায়, তাঁদের যত বেশি আটকানোর চেষ্টা করা হবে, ততই সংগঠন আরও বড় হবে।
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে সক্রিয় হয়েছে CJP।
