কলকাতা ও শহরতলিতে খোলা বাজার কিংবা রাস্তার ধারের দোকানে বোতল, জার বা অন্য কোনও পাত্রে খুচরো পেট্রল, ডিজেল ও কেরোসিন বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। অগ্নিকাণ্ড এবং জননিরাপত্তার ঝুঁকির কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২০ অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী ৬০ দিন অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারায় এই নির্দেশ জারি করেছেন।

– বিজ্ঞাপন –

নির্দেশ অনুযায়ী, পেট্রল পাম্প এবং অনুমোদিত জ্বালানি বিক্রেতারা শুধুমাত্র নির্দিষ্ট ও অনুমোদিত ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমে সরাসরি গাড়ির জ্বালানি ট্যাঙ্কে পেট্রল বা ডিজেল দিতে পারবেন।

বোতল, জার, প্লাস্টিকের ক্যানেও নিষেধাজ্ঞা

পুলিশের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, বোতল, জার, প্লাস্টিকের ক্যান, ড্রাম বা জেরিক্যানে পেট্রল-ডিজেল ভরে দেওয়া যাবে না। তবে আইন অনুযায়ী যেখানে এই ধরনের বিক্রির অনুমতি রয়েছে এবং প্রয়োজনীয় যাচাইয়ের পর তা করা হয়, সেই ক্ষেত্রগুলি নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

পুলিশের দাবি, সম্প্রতি এমন কিছু ঘটনা তাদের নজরে এসেছে যেখানে খোলা বাজার, রাস্তার ধারের দোকান এবং অননুমোদিত পাত্রের মাধ্যমে নিয়মবহির্ভূত ভাবে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি করা হচ্ছিল। নির্ধারিত নিরাপত্তাবিধি এবং আইনি বিধান অমান্য করে এই ধরনের জ্বালানি বিক্রি ও মজুত করা হচ্ছে বলেও অভিযোগ।

অননুমোদিত মজুতেও জ্বালানি দেওয়া যাবে না

পেট্রল পাম্প ও লাইসেন্সপ্রাপ্ত জ্বালানি বিক্রেতাদেরও সতর্ক করেছে কলকাতা পুলিশ। নির্দেশে বলা হয়েছে, অননুমোদিত ভাবে জ্বালানি মজুত, পুনরায় বিক্রি অথবা বেআইনি কাজে ব্যবহারের উদ্দেশ্যে কোনও ব্যক্তিকে পেট্রল বা ডিজেল সরবরাহ করা যাবে না।

বিজ্ঞাপন

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল নির্ধারিত নিরাপত্তাবিধি এবং লাইসেন্সের শর্ত মেনে পেট্রোলিয়ামজাত পণ্যের বিক্রি ও ব্যবহার নিশ্চিত করা। অনুমোদিত জায়গার বাইরে জ্বালানি মজুত বা ব্যবহার করা হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে এবং জ্বালানির অপব্যবহারের সম্ভাবনাও থাকে।

নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা

কলকাতা পুলিশ ও তার সংলগ্ন এলাকার আওতাধীন অঞ্চলে এই নির্দেশ কার্যকর হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *