এশিয়ান গেমসে সাতসকালে সোনার ঝলক দেখল ভারত। মহিলাদের কমপাউন্ড তিরন্দাজিতে চিনকে হারিয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী ও পৃথিকা প্রদীপ। ফাইনালে ভারতীয় দল চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা নিশ্চিত করে। অন্যদিকে মিক্সড কমপাউন্ড ইভেন্টেও সোনা পেয়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে সোনা আনলেন সাহিল যাদব ও চিকিতা। এই জয়েই এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা পৌঁছল সাত-এ।
শুধু সোনা জয়ই নয়, ফাইনালে ২৩৮ পয়েন্ট তুলে নজিরও গড়ে ভারত। এই স্কোর বিশ্বরেকর্ডের সমান। এর আগে দক্ষিণ কোরিয়ার দল এই স্কোর করেছিল। ভারতীয় মহিলা তিরন্দাজরা সেই নজিরে ভাগ বসালেন।
– বিজ্ঞাপন –
ফাইনালে শুরু থেকেই ভারতীয় দলের দাপট ছিল। প্রথম গেমে ৬০-৫৭ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় গেমের পর ব্যবধান দাঁড়ায় ১১৮-১১৬। তৃতীয় গেম শেষে ভারত এগিয়ে ছিল ১৭৮-১৭৫ ব্যবধানে। শেষ গেমে ফের নিখুঁত ৬০ পয়েন্ট তুলে ২৩৮-২৩৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।
এর আগে সেমিফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত। দক্ষিণ কোরিয়াকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ২৩৪-২৩৩ হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জ্যোতি-চিকিতা-পৃথিকার দল।
এই সাফল্যের মাধ্যমে গত এশিয়ান গেমসের সোনা ধরে রাখল ভারতীয় মহিলা কমপাউন্ড তিরন্দাজ দল। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত।
এ দিন তিরন্দাজির পাশাপাশি অন্যান্য ইভেন্টেও পদকের লড়াইয়ে রয়েছে ভারত। গ্রেকো-রোমান কুস্তিতে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের জন্য লড়বেন সুনীল কুমার। স্কোয়াশেও পদক নিশ্চিত করেছে ভারতের মহিলা দল।
