খবর অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি ১ লক্ষ ৩ হাজার ২৬৫ ডলার করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে এই বাড়তি ফি স্থায়ী করার ব্যাপারে উদ্যোগী হয়েছে প্রশাসন। এর ফলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে কর্মরত বিদেশি নাগরিকদের, বিশেষ করে ভারতীয়দের ওপর বড়ো ধরনের প্রভাব পড়তে পারে।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ডিএইচএস) প্রস্তাবিত এই ফি প্রথমবার গত বছর সাময়িক ভাবে চালু করেছিল ট্রাম্প প্রশাসন। এর ফলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণাখাতে ব্যাপকভাবে ব্যবহৃত এই ভিসার খরচ অনেকটাই বেড়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তি এই ফি এক বছর কার্যকর থাকার পর আগামী সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। নতুন নিয়ম চূড়ান্ত হলে ১ লক্ষ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের ফি স্থায়ী হয়ে যেতে পারে। চলতি বছরের শেষ নাগাদ এই নিয়ম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
– বিজ্ঞাপন –
১ লক্ষ ডলারের ফি নিয়ে আদালতে মামলা
এই বাড়তি ফি নিয়ে ইতিমধ্যেই আইনি লড়াই চলছে। বোস্টনের একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১ লাখ ডলারের ফি বাতিল করে জানিয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের ফি কার্যত একটি বেআইনি কর।
তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে এবং বিষয়টি বর্তমানে উচ্চতর আদালতে বিচারাধীন। ফলে নতুন করে স্থায়ী ফি চালুর প্রস্তাবের ভবিষ্যৎও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে।
এইচ-১বি ভিসা কী?
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলি বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণ প্রয়োজন এমন বিভিন্ন পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারে। প্রতি বছর সাধারণভাবে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্নত ডিগ্রি অর্জনকারী বিদেশিদের জন্য আরও ২০ হাজার ভিসার ব্যবস্থা রয়েছে।
সাধারণত একটি এইচ-১বি ভিসা তিন থেকে ছয় বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। ট্রাম্প প্রশাসনের বাড়তি ফি চালুর আগে এই ভিসার জন্য নিয়োগকর্তাদের মোট খরচ সাধারণত প্রায় ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে ছিল।
বিজ্ঞাপন
কারা বাড়তি ফি থেকে ছাড় পাবেন?
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশি নাগরিকদের নতুন এই ফি দিতে হবে না। এই শিক্ষার্থীদের একটি বড় অংশ পরবর্তী কালে এইচ-১বি ভিসা পাওয়ার সুযোগ পান।
এ ছাড়া বর্তমানে এইচ-১বি ভিসায় থাকা ব্যক্তিদের ভিসা নবীকরণের ক্ষেত্রেও ১ লক্ষ ৩ হাজার ২৬৫ ডলারের ফি প্রযোজ্য হবে না।
প্রভাব পড়তে পারে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে
নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলির খরচ আরও উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। বিশেষ করে প্রযুক্তি ও গবেষণা খাতে যেখানে এইচ-১বি ভিসার ওপর নির্ভরতা বেশি, সেখানে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আর বিদেশি দক্ষ কর্মীদের একটা বড়ো অংশ হল ভারতীয়। স্বভাবতই ভারতীয়দের আমেরিকায় কর্মসংস্থানের সুযোগ কমতে পারে।
