এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। গতকাল সোমবার (১ জুন) ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত এবং ব্যাংক-বিমা প্রতিষ্ঠান খুলেছে। ফলে রাজধানীতে বেড়েছে গণপরিবহণের চলাচল।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, মহাখালী ও বিজয় সরণিসহ কয়েকটি এলাকায় যানজট দেখা গেছে।
রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা গত কয়েক দিনের তুলনায় আজ অনেকটাই বেড়েছে। বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে পুরোনো রুপে।
রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনিতেও মানুষের উপস্থিতি গত কয়েদিনের তুলনায় বেড়েছে। একইসাথে ঘরমুখো মানুষজন এখনো ঢাকায় ফিরছেন বলে সড়কে যানবাহনের সাথে পাল্লা দিয়ে যাত্রীর সংখ্যাও বেড়েছে।
মহাখালী রুটে চলচলকারী বাসের একজন হেলপার জানান, ঈদের ছুটির পর থেকে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল। সড়কে ছিল না কোন যানজট। অফিস-আদালত সব খুলে যাওয়ায় সড়কে গাড়ির চাপ বেড়েছে। একইসাথে আবারও শুরু হয়েছে যানজট।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন।



