আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত মিনিসিরিজ ‘অ্যানি’র ট্রেলার প্রকাশ হয়েছে সোমবার রাতে। শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নাজিফা তুষি নন, ট্রেলার প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক সাইমন সাদিকও।

ট্রেলারে তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ দেখা দেওয়ার পর নিজের এই যাত্রার গল্প শেয়ার করেছেন অভিনেতা।

সোমবার (৮ জুন) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন বলে জানান সাইমন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেকদিন পর শিল্পী হিসেবে এমন প্রতিক্রিয়া তাকে আবেগাপ্লুত করেছে।

সাইমনের ভাষ্য অনুযায়ী, শুরুটা হয়েছিল সিরিজটির কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হকের একটি ফোনকল দিয়ে। তখন তিনি অন্য একটি আউটডোর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। পরে দেখা হলে ইয়াসির তাকে জানান পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন কাজের বিষয়ে।

“আমি বেশ উৎসাহ নিয়ে গল্পটা জানতে চাইলাম আর ইয়াসির বললো এটা ভাইয়া (সাদ) বলবেন। দুই দিনের মধ্যেই সাদ ভাইয়ের সাথে বসার পর তিনি আরো ১৫/২০ দিন সময় নিলেন চিত্রনাট্যের কিছু পরিবর্তন আনার জন্য। পরবর্তীতে আমরা অনেকবার বসলাম, সবাই মিলে রিহার্সাল করলাম, প্রধান সহকারী পরিচালক তুষ্ট। স্ক্রিপ্ট, পোষাক, মেকাপ সব বিষয়ে কথা বলে নিলো।” বলেন সাইমন সাদিক।

শুটিংয়ের অভিজ্ঞতাকে “অন্যরকম” উল্লেখ করে সাইমন বলেন, সহশিল্পী ইয়াশ রোহান, নাজিফা তুষি, সারিকা সাবরিন এবং শিশু শিল্পীদের সবার লক্ষ্য ছিল পরিচালকের ভাবনাকে অনুসরণ করা। তার মতে, সেই জায়গায় পরিচালক সাদ পুরোপুরি সফল হয়েছেন।

এছাড়া পুরো টিমের প্রশংসা করে সাইমন বলেন, প্রযোজক থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি—সব বিভাগেই ছিল আন্তরিকতা ও নিবেদন। বিশেষ করে প্রযোজক উজ্জ্বল ও চিত্রগ্রাহক তুহিন তামিজুলের কাজের প্রতি আলাদা কৃতজ্ঞতা জানান তিনি।

সবশেষে ‘অ্যানি’ টিমের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সাইমন জানান, এই সিরিজ তার জন্য শুধুই আরেকটি কাজ নয়, বরং ভিন্নধর্মী এক সৃজনযাত্রার অভিজ্ঞতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *