আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের অন্যতম সেরা এ ব্যাটারের ঘোষণার মধ্য দিয়ে ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল। ব্ল্যাক ক্যাপসদের হয়ে তিন সংস্করণ মিলিয়ে তিনি ৩৭৮টি ম্যাচ খেলেছেন।
ইংল্যান্ডে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ চলছে। লর্ডসে প্রথম ম্যাচ তারা ১১৫ রানে হেরে গেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতি নেয়ার মাঝেই অবসরের সিদ্ধান্ত নেন ৩৫ বর্ষী এ তারকা ব্যাটার। তাতে সিরিজের বাকি দুই ম্যাচও খেলছেন না তিনি।
লর্ডসে প্রথম ইনিংসে ২ বল খেলে শূন্য রানে ফেরেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৮ রান। উইলিয়ামসন বলেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা (অবসর) নিয়ে ভাবছিলাম, তবে গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি সবসময়ই একটা তীব্র তাড়না এবং ক্ষুধা অনুভব করেছি এবং নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, এটা ভেবে আমি গর্ববোধ করি।’
উইলিয়ামসন ১১০ টেস্টে ৩৮টি ফিফটি ও ৩৩ সেঞ্চুরিতে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করেছেন। ওয়ানডে রেকর্ডও অসাধারণ। ১৭৫ ম্যাচে ৪৭ ফিফটি ও ১৫ সেঞ্চুরিতে ৪৮.৬৯ গড়ে ৭ হাজার ২৫৬ রান করেছেন। অবসরের সিদ্ধান্ত নেয়ার কারণে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে আগামী বছরের বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।
উইলিয়ামসন ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৭৫ টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, যেখানে তিনি টুর্নামেন্ট সেরা হন। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে খেলেছিল কিউইরা। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়।

