কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই ধানমন্ডি-৩২ এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশের প্রধান পথগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সাধারণ মানুষের চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

দায়িত্বে থাকা এক নিরাপত্তা সদস্য জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচি বা সমাবেশ যাতে অনুষ্ঠিত না হতে পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, আজ কাউকে ৩২ নম্বর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সম্ভাব্য বিশৃঙ্খলা, নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের ছয়টি এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *