ওয়াশিংটন: কার্যত স্তব্ধ হয়ে গেল গোটা আমেরিকা। থমকে গেল হাজার হাজার বিমান। এমনকী রানওয়ের মুখ থেকে ফিরিয়ে আনা হল বিমান। বিমানবন্দরে অপেক্ষা রইলেন যাত্রীরা। আচমকা আমেরিকা জুড়ে প্রায় ৭০০০ বিমান বাতিল করে দেওয়া হল শুক্রবার। সব মিলিয়ে প্রায় ১১০০০ বিমান হয় বাতিল, নাহলে ওড়ার সময় পিছিয়ে দেওয়া হল। ২০০১ সালে ৯/১১ হামলার পর থেকে আমেরিকায় এমন ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল।

বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা এল নির্দেশ

সূত্রের খবর, শুক্রবার আমেরিকার স্থানীয় সময় বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা স্তব্ধ হয়ে যায় আমেরিকার প্রায় সব বিমান পরিষেবা। যে সব বিমান সেই সময় মাঝ আকাশে ছিল, সেগুলিকে নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়।

আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দেশ জুড়ে বিমান পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয়। জানা গিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০০১-এর ১১ সেপ্টেম্বর, টুইন টাওয়ারে হামলার ঘটনার পর এভাবে আচমকা স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা আমেরিকার বিমান পরিষেবা। এছাড়া ২০২৩-এ একবার ২ ঘণ্টার কম সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা।

কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে ব্যাপারে এখনও কোনও নির্দেশিকা আসেনি, তবে যোগাযোগ পরিষেবা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে।

সাইবার হামলা? নাকি অন্য কারণ?

সাইবার হামলার কারণে কি এমন ঘটনা? প্রশ্ন উঠেছে। তবে সেই সম্ভাবনার কথা বাতিল করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, বিমান বিপর্যয়ের ঘটনাটি কোনও সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারণে ঘটেছে বলে মনে হচ্ছে না। মাইক্রোসফটও জানিয়েছে যে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) দেশব্যাপী বিমান পরিষেবা স্থগিত রাখার ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *