কেরিয়ারের খরা কাটিয়ে সদ্যই ‘ধুরন্ধর’ সাফল্যের মুখ দেখেছিলেন। কিন্তু বক্স অফিসের সেই দাপুটে প্রত্যাবর্তনকে উদযাপনের সুযোগ পেলেন কই! উল্টে একের পর এক বির্তকের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। কখনও আইনি জটিলতা, তো কখনও আবার ছবির চুক্তি ভাঙার অভিযোগ— সব মিলিয়ে লাইমলাইটের আলো এখন রণবীরের জন্য বেশ অস্বস্তিকর।

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ফারহান আখতারের মেগা প্রজেক্ট ‘ডন ৩’ থেকে তাঁর আচমকা সরে দাঁড়ানোকে কেন্দ্র করে। বলিপাড়ার খবর, ছবির অগ্রিম পারিশ্রমিক নিয়েও একেবারে শেষ মুহূর্তে রণবীর নাকি পিছু হটেছেন। আর তাতেই ক্ষুব্ধ প্রযোজক-পরিচালক মহল। পরিস্থিতি এতটাই জটিল যে, অভিনেতার এই ‘অসহযোগিতা’র বিরুদ্ধে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) রীতিমতো নির্দেশিকা জারি করেছে। এই ডন-তরজার জেরেই বলিউডের একাংশ এখন কার্যত একঘরে করে ফেলেছে অভিনেতাকে, যার ছায়া পড়ছে তাঁর আগামী প্রজেক্টগুলোর ওপরেও।

কিন্তু এত ঝড়ঝাপটার মাঝেও রণবীর নিজে সম্পূর্ণ স্পিকটি নট। কেন বারবার তাঁকেই টার্গেট করা হচ্ছে, তা নিয়ে যখন বলিমহলে ফিসফাস তুঙ্গে, তখনও অভিনেতার মুখে কুলুপ। তবে কি এবার একেবারেই ভিন্ন কোনও কৌশল নিচ্ছেন তিনি?

বলিউডের অন্দরের গুঞ্জন, আগামী দেড় বছর অর্থাৎ প্রায় ১৮ মাস সংবাদমাধ্যম এবং যাবতীয় বিতর্ক থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। সম্প্রতি বলিউডের এক প্রথম সারির সাংবাদিক অভিনেতার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পর এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, “আমি রণবীরের সঙ্গে দেখা করেছিলাম। ও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘ডন ৩’ বা সাম্প্রতিক কোনও বিতর্ক নিয়ে ও একটা শব্দও খরচ করবে না। আগামী ১৮ মাস কোনও রকম সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ও।”

সমালোচকরা যখন তাঁর কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করছেন, রণবীর তখন নিজের চেনা ছন্দে মজে। জানা যাচ্ছে, এই কঠিন সময়ে তিনি নেতিবাচকতা থেকে দূরে থাকতে দুটি বিষয়ে মন দিয়েছেন। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের এই বিশেষ সময়ে তাঁর পাশে থাকা এবং হবু সন্তানের দেখভালের দায়িত্ব পালন করছেন চুটিয়ে। সঙ্গে রণবীরের এখন পাখির চোখ তাঁর আগামী অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘প্রলয়’। এই ছবির একটি একেবারে ভিন্ন স্বাদের চরিত্রের জন্য ইতিমধ্যেই কড়া প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। কথায় বলে, ‘মৌনতা নাকি সম্মতির লক্ষণ’। কিন্তু রণবীর সিংয়ের ক্ষেত্রে এই মৌনতা আসলে এক দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আগামী দিনে রুপোলি পর্দায় ‘প্রলয়’ ঘটিয়েই কি সব সমালোচনার জবাব দেবেন অভিনেতা? উত্তর দেবে সময়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *