দেওয়ালে কার্ল মার্কসের স্লোগানImage Credit: TV9 বাংলা
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়ালের ‘লড়াই’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর রাতারাতি যেমন দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল, ঠিক তেমনই রাতারাতি আবার যাদবপুরের দেওয়ালগুলিতে ফিরে এল লিখন। ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরই, শনিবার ক্যাম্পাসের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান সাদা রং করে মুছে ফেলা হয়েছিল। কিন্তু রবিবার দেখা গেল, ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন করে লেখা হয়েছে! সদ্য সাদা রঙ করা দেওয়ালে এবার কার্ল মার্কসের উক্তি লেখা!
কে বা কারা আবার নতুন করে দেওয়াল লিখল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবিভিপি (ABVP) ছাত্র সংগঠনের দাবি, নকশালপন্থীরাই লিখেছে এটা।
ABVP যাদবপুরের মুখপাত্র শুভজিৎ সাহা বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এগুলি মুছে ফেলা হোক। আমরা তো জানি, এগুলি মুছে ফেলা হলে, পরেরদিন আবার লেখা হবে। কারণ রেজিস্ট্রারারই বেআইনি। ওঁর নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে। প্রধান উদ্দেশ্য শুধু এখানে দেওয়াল লেখা নয়, আসল উদ্দেশ্য হল নিজেদের প্রচুর টাকার দুর্নীতি রয়েছে, সেটা আড়াল করা। স্টুডেন্ট সেন্টিমেন্টের নামে কিছু উন্মাদ ছেলে আছে, তাদের লেলিয়ে দেওয়া। বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বাড়ি সবার জন্য। আমার বাড়ির দেওয়ালে যদি কেউ এইসব লেখে, আজকে বিদ্যার্থী পরিষদের তরফে আমি যদি ঘোষণা করি যে এই কাজ যারা যারা করেছে, যারা সাসপেক্টেড, তাদের বাড়ির দেওয়ালে যদি যা ইচ্ছে তাই লেখা হয়, তাহলে সামলাতে পারবে তো? গণতন্ত্র থাকবে তো? সেটা যেন মাথায় রেখে কাজ করা হয়।”
জানা গিয়েছে, এসএফআই-র আজ এই কর্মসূচি রাখা হয়েছে। নাম দেওয়া হয়েছে, “টেক ব্যাঙ্ক ইউর ওয়াল”। আজ, সোমবার দুপুর সাড়ে ১২টায় সেই কর্মসূচি হওয়ার কথা। তবে তার আগেই কে বা কারা দেওয়ালে লিখল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
