কলকাতা: রাজ্যে যে শীঘ্রই জাতীয় শিক্ষানীতি চালু হবে, সে কথা আগেই ঘোষণা করেছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। ধাপে ধাপে সেই প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন তিনি। আর এবার পরখ (PARAKH) প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার আগেই পরীক্ষার পদ্ধতিতে বদল আসতে চলেছে। নতুন পদ্ধতি নিয়ে, আজ সোমবার থেকে পাঁচ দিনব্যাপী একটি কর্মশালার সূচনা হল বিদ্যাসাগর ভবনের অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মন্ত্রী দীপক বর্মণ।
কী এই প্রক্রিয়া
শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির (NEP 2020) অঙ্গ হিসেবে এনসিইআরটি-র (NCERT) অধীনে ‘পরখ’ (Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development) হল একটি মূল্যায়ন প্রক্রিয়া।
PARAKH-এর মূল লক্ষ্য হল, বই মুখস্থ-নির্ভর পড়াশোনা থেকে সরে এসে স্কিল বেসড বা দক্ষতা-ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া।
শিক্ষার্থীদের জন্য উপযোগী প্রোগ্রেস কার্ড তৈরিতে সাহায্য করবে এই প্রক্রিয়া। অর্থাৎ স্কুল পড়ুয়াদের রিপোর্ট কার্ডেও বদল পরিলক্ষিত হবে।
শিক্ষার্থীদের শেখার মান যাচাইয়ের জন্য বড় আকারের স্কুল-ভিত্তিক সমীক্ষা পরিচালনা করার কথাও বলা হচ্ছে এই প্রক্রিয়ায়।
মন্ত্রী জানিয়েছেন, শিশুদের সার্বিক উন্নয়ন তথা হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য রিপোর্ট কার্ডে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে, সেগুলো সব বিদ্যালয়ে শিক্ষকদের জানানোর যে প্রক্রিয়া তারই প্রথম ধাপ হল এদিনের কর্মশালায়।
শিক্ষা ক্ষেত্রে কী কী বদল
বিদ্যাসাগর ভবনে PARAKH নামে একটি ডেডিকেটেড সেলও খোলা হয়েছে।
প্রত্যেক স্টেজের জন্য হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হবে।
ক্লাসের পরীক্ষার প্রশ্ন এবং একইসঙ্গে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রে বদল আসবে।
কোন পরীক্ষা থেকে এটা লাগু হবে, সেটা এখনই বলা সম্ভব নয়। যখন লাগু হবে তখন বলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
