আলোর উৎসব দীপাবলি এবং ভাই-বোনের পবিত্র বন্ধনের প্রতীক ভাইফোঁটা—উৎসবের এই মরসুমে মিষ্টি ছাড়া বাঙালির আনন্দ যেন অসম্পূর্ণ। উৎসবের এই দিনগুলোতে দোকানের ভেজাল ও মিষ্টির চড়া দাম নিয়ে চিন্তা না করে, এবার ঘরেই তৈরি করে নিতে পারেন ঐতিহ্যবাহী এবং জিভে জল আনা ‘রাংতা মোড়া সন্দেশ’। খুব সহজ কিছু উপকরণ আর সামান্য কৌশলেই বানিয়ে ফেলা যায় রাজকীয় এই মিষ্টান্ন।

বাঙালির যে কোনও শুভ অনুষ্ঠান বা পার্বণে সন্দেশের কদর চিরকালীন। আর তার ওপর যদি হয় রুপোলি রাংতায় মোড়ানো ক্লাসিক সন্দেশ, তবে তো কথাই নেই! উৎসবের মরসুমে অতিথি আপ্যায়ন হোক কিংবা ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার পর থালায় সাজিয়ে দেওয়া—এই মিষ্টি সবার মন জয় করতে বাধ্য।

চলুন জেনে নেওয়া যাক, ঘরেই কীভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন রাংতা মোড়া সন্দেশ।

প্রয়োজনীয় উপকরণ:

ছানা: ৫০০ গ্রাম (তাজা দুধের তৈরি নরম ছানা)

চিনি: ১ কাপ (স্বাদমতো কম-বেশি করতে পারেন)

খোয় ক্ষীর বা মাওয়া: আধ কাপ (ঐচ্ছিক, স্বাদ বাড়াতে ব্যবহার করা যায়)

এলাচ গুঁড়ো: ১ চা চামচ

ঘি: ১ টেবিল চামচ

সাজানোর জন্য: খাওয়ার উপযোগী রুপোলি রাংতা এবং পছন্দমতো পেস্তা বা আমন্ড কুচি।

এভাবে তৈরি করুন—

প্রথমে ছানাটিকে ভালো করে চটকে মিহি করে মেখে নিতে হবে, যাতে তাতে কোনও দানা ভাব না থাকে। কড়াইতে সামান্য ঘি গরম করে মেখে রাখা ছানা ও চিনি একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি যখন কড়াইয়ের গাত্র ছেড়ে আসবে এবং আঠালো হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এবার মিশ্রণে এলাচ গুঁড়ো এবং চাইলে সামান্য খোয়া ক্ষীর মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিন। মিশ্রণটি হালকা ঠান্ডা হলে হাতের তালুতে অল্প ঘি মাখিয়ে ছোট ছোট লেচির আকারে সন্দেশের সেপ দিন। আপনি চাইলে ছাঁচে ফেলে নকশাও করতে পারেন।

সন্দেশগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সাবধানে তার ওপর রুপোলি রাংতা জড়িয়ে দিন। ওপরে পেস্তা বা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি দোকানের মতো দেখতে ‘রাংতা মোড়া সন্দেশ’!

তাহলে আর দেরি কেন? দীপাবলির আলোয় ঘর আলোকিত করার পাশাপাশি এই সুস্বাদু হোমমেড সন্দেশ দিয়ে আপনজনদের মিষ্টিমুখ করিয়ে উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *