Cafu in Darjeeling: ব্রাজিল (Brazil) শেষবার পুরুষদের সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2002) চ্যাম্পিয়ন হয়েছিল ২০০২ সালে। সেই দলের অধিনায়ক ছিলেন কাফু। এই প্রাক্তন রাইট ব্যাক ২০২২ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন। চার বছর পর এই কিংবদন্তি ফের বাংলার মাটিতে পা রাখলেন।

Cafu News: ব্রাজিলের (Brazil) কিংবদন্তি ফুটবলার এবং দু’বারের বিশ্বকাপজয়ী (FIFA World Cup) কাফুর উপস্থিতিতে দার্জিলিঙে (Darjeeling) আত্মপ্রকাশ করল দুই নতুন ক্লাব নর্থ বেঙ্গল ফাইটারস এফসি (North Bengal Fighters FC) ও দার্জিলিং ওয়ারিয়রস এফসি (Darjeeling Warriors FC)। পাহাড় ও উত্তরবঙ্গের ফুটবল প্রতিভা চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ। দুই ক্লাবের ডিরেক্টর ও সিইও অপরূপ চক্রবর্তী বলেছেন, তরুণ ফুটবলারদের জন্য একটি সুসংগঠিত প্রশিক্ষণ ও উন্নয়নের পরিবেশ তৈরি করা হবে। দার্জিলিং ওয়ারিয়রস এফসি-র ক্ষেত্রে শুধু পাহাড়ের ফুটবল প্রতিভাদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, নর্থ বেঙ্গল ফাইটারস এফসি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ এবং দিনাজপুর থেকে প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলারদের খুঁজে নিয়ে আসবে এবং তাদের জেলা লিগে খেলার সুযোগ করে দেবে।

পাহাড়ে ফুটবলের প্রসারে কাফু

দার্জিলিংয়ে দুই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে কাফু ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী ছিলেন। দুই ক্লাবের কর্ণধার এবং আর্য টি কোম্পানি লিমিটেডের (Arya Tea Company Limited) ডিরেক্টর বিরাজ বনসল জানান, ক্লাব দু’টির উদ্যোগে পৃথক ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হবে। সেখানে যুব ফুটবলারদের বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গ্রাসরুট স্তর থেকে প্রতিযোগিতামূলক রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছনোর জন্য তরুণ ফুটবলারদের একটি সুসংগঠিত পথ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্থানীয় ফুটবল কোচদের পাশাপাশি দেশের ও আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা ফুটবল ব্যক্তিত্ব এবং কোচদের বছরে একাধিকবার আমন্ত্রণ জানিয়ে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য, প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিতভাবে অভিজ্ঞ কোচদের সংস্পর্শে এনে একটি আধুনিক ও সুসংগঠিত প্রশিক্ষণ পরিবেশ তৈরি করা। একই সঙ্গে দুই ক্লাবের অ্যাকাডেমিকে এআইএফএফ এবং আইএফএ-র স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে খেলোয়াড়দের অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৫ রাজ্য লিগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াই লক্ষ্য।

ফুটসলের প্রসারেও উদ্যোগ

ফুটবলের পাশাপাশি ফু্টসলেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লাব দুটি অনূর্ধ্ব-১২ ফু্টসল দল এবং সিনিয়র পুরুষ ও মহিলা ফু্টসল দল গড়বে। ভবিষ্যতে আইএফএ ও এআইএফএফ-এর ফু্টসল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। বনসল জানিয়েছেন, বাছাই করা তরুণ প্রতিভাদের ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন ফুটবলপ্রধান দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে। তাঁর মতে, বিদেশে খেলার সুযোগ পেলে তরুণ ফুটবলাররা বিভিন্ন দেশের ফুটবল ও ফু্টসলের ভিন্ন ভিন্ন ধরন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বিরুদ্ধে নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *