রাজ্যে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর পথে এগোচ্ছে নতুন বিজেপি সরকার। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর সূত্রে খবর, বর্তমানে মাসে ১০০০ টাকা করে যে ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। খুব শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।
রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতন সরকারের আমলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও জনজাতির মহিলারা ১২০০ টাকা পেতেন। পরে ভোটের আগে সেই পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ১৫০০ এবং ১৭০০ টাকা করা হয়।
সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধা পাবেন। ৬০ বছর পার হলে তাঁরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। তবে বর্ধিত ভাতার সুবিধা ষাটোর্ধ্ব মহিলারা পাবেন কি না, তা নিয়ে পরে বিতর্ক তৈরি হয়।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিল। সেই প্রকল্পে মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, পুরনো কোনও সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। বরং প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে।
রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে রয়েছেন অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, তাঁর দফতর থেকেই বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির প্রস্তাব তৈরি হয়েছে। সরকারিভাবে ঘোষণা হলে রাজ্যের লক্ষাধিক উপভোক্তা এর সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
