পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরই বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদলের বৈঠকের পর তিনি জানান, আরজি কর-কাণ্ড থেকে সন্দেশখালি— রাজ্যে মহিলা নির্যাতনের অভিযোগ ওঠা প্রতিটি ঘটনায় কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে শুভেন্দু বলেন, “চার্জশিট প্রকাশের দিন অমিত শাহ বাংলার মানুষকে দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সন্দেশখালি থেকে আরজি কর— যেখানে যেখানে মা-বোন-কন্যাদের উপর অত্যাচার হয়েছে, সেই সব ঘটনা নিয়ে কমিশন বসবে এবং ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, গত মার্চে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির ‘জনতার চার্জশিট’ প্রকাশ করেছিলেন। সেখানে আরজি কর, সন্দেশখালি ও কসবা ল কলেজ-সহ একাধিক ঘটনার উল্লেখ করে তৎকালীন তৃণমূল সরকারকে আক্রমণ করা হয়েছিল।

আরজি কর-কাণ্ড নিয়ে আন্দোলনের সময় থেকেই সরব ছিলেন শুভেন্দু। জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাকও দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর বক্তব্য ছিল, “নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না, শুধু ডাক দিন, বাকিটা আমরা সামলে নেব।” যদিও সেই অভিযান মাঝপথে আটকে দেয় পুলিশ। অভিযোগ উঠেছিল, নির্যাতিতার মা আহতও হন।

পরবর্তীতে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা বিজেপিতে যোগ দেন এবং পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থীও হন। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ও শুভেন্দু— সকলেই এই ঘটনাকে সামনে এনে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। নির্যাতিতার মা নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপির দাবি আরও জোরদার হয়।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এই ঘোষণা করে শুভেন্দু স্পষ্ট বার্তা দিতে চাইলেন যে, মহিলা নিরাপত্তা ও বহুচর্চিত ঘটনাগুলির তদন্ত নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *