ভোটের শেষ দিনের প্রচারের মাঝেই পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেই সময়ই তাঁকে বলতে শোনা যায়, “৫ তারিখের পর থানা উঠিয়ে বাইরে ফেলে দেব”। এই ঘটনার ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এই বিষয়ে আরও খবর
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রচারের শেষ লগ্নে এক পুলিশ আধিকারিকের সামনে ক্ষোভ প্রকাশ করছেন মদন মিত্র। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, বিজেপির বাইক র্যালিতে বাধা না দিয়ে তৃণমূলের কর্মসূচিতে কেন কড়াকড়ি করা হচ্ছে? উত্তেজনার মাঝেই তাঁর মন্তব্য, “আমরা কি খুনি না ডাকাত? এসব আমাদের সঙ্গে করবেন না।” এরপর নির্বাচনের পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “ওঁরা (কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন) চারদিন পরে চলে যাবে। ৫ তারিখের পর থানাটা উঠিয়ে বাইরে ফেলে দেব!”এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে।
মদনের এই মন্তব্য সম্পর্কে অনেকের দাবি, মদন মিত্র থানা ওলটানোর কথা বলেননি বরং থানা উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এই ভিডিও সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। কলকাতা উত্তর শহরতলীর জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, “তৃণমূলের যে সংস্কৃতি, মদন মিত্রও তাতেই অভ্যস্ত। সাধারণ মানুষকে তো ওরা বরাবরই ভয় দেখায়, এখন প্রশাসনকেও হুমকি দিচ্ছে। পরাজয়ের আশঙ্কাতেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।”
যদিও এনিয়ে মদন মিত্রর স্পষ্ট দাবি, “উড়িয়ে দেব বলব কেন? আমরা কি জঙ্গি নাকি? আমি বলতে চেয়েছি, পুলিশ জনগণের উপর অন্যায় করছে, জুলুম করছে। তাই জনগণ ভোটে উলটে ফেলে দেওয়ার মতো জবাব দেবে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
