নয়া দিল্লি: কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে করা হচ্ছে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত। দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব থাকবে বাংলার ছেলের কাঁধে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই বড় ঘোষণা।
বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তাঁকে বাংলাদেশের অ্যাম্বাসডর করে পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা করেছে কেন্দ্র। ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন। ওই বছরই মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। এবার কেন্দ্রীয় সরকার তাঁকে বড় দায়িত্ব দিল।
দীর্ঘ সময় বাদে প্রতিবেশী দেশে কোনও রাজনৈতিক প্রতিনিধিকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হল। তিনি প্রণয় ভর্মার জায়গায় এই দায়িত্ব পাচ্ছেন। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে এবার ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত ঘোষণা করা হয়েছে।
হাসিনা সরকারের পতন ও ইউনূস জমানায় ভারত-বাংলাদেশের সম্পর্কে অবনতি হলেও, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন হওয়ার পর সেই সম্পর্ক আবার ধীরে ধীরে জোড়া লাগছে। সেখানে প্রাক্তন রেলমন্ত্রীকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে পাঠানো বিদেশ মন্ত্রকের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
