রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সামনে শেষবারের মতো সুযোগ রয়েছে নিজেদের আবেদনপত্র সংশোধন করার। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ জানিয়েছে, ১০ এপ্রিল থেকে অনলাইনে আবেদনপত্র সংশোধন করার জন্য কারেকশন পোর্টাল খুলেছে। যে সব পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য নাম নথিবদ্ধ করেছেন তাঁদের সামনে অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in মারফত আবেদনপত্র সংশোধন করার সুযোগ রয়েছে। রবিবার, ১২ এপ্রিল পর্যন্ত সংশোধন করা যাবে।
কীভাবে আবেদনপত্র সংশোধন করবেন
প্রথমেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in ক্লিক করুন। হোমপেজে Examination ট্যাব ক্লিক করুন। ড্রপডাউন মেনু থেকে WBJEE বেছে নিন। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি সেকশনে গিয়ে WBJEE 2026 অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন লিঙ্ক বেছে নিন। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করুন। আবেদনপত্রর নম্বর ও পাসওয়ার্ড দিন। আবেদনপত্র এডিট করার অপশন বেছে নিন। প্রয়োজনীয় সংশোধন করে ভালো করে তথ্য যাচাই করে নিয়ে সেভ করুন।
প্রথমে ঠিক হয়েছিল ৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। কিন্তু পরীক্ষার্থীদের কথা ভেবে পরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ রেজিষ্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে ১০ এপ্রিল পর্যন্ত করে। এবার ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। আগামী ২৪ মে হবে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ২ পর্যায়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্যায়ে গণিতের পরীক্ষা হবে। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে।
