জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন-এর স্মরণে সহকর্মীদের আয়োজিত বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানটি রূপ নেয় এক আবেগঘন মিলনমেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত এ আয়োজনে ভিড় জমে দেশের শিল্পী ও কলাকুশলীদের।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। প্রিয় সহকর্মীর অকাল প্রয়াণে তাকে স্মরণ করতে ছুটে আসেন প্রবীণ থেকে নবীন—সবাই।

সন্ধ্যা জুড়ে একে একে স্মৃতিচারণ করেন দেশের বরেণ্য অভিনয়শিল্পীরা। কিংবদন্তী অভিনেতা মামুনুর রশিদ থেকে শুরু করে খায়রুল আনাম সবুজ, আমীরুল হক চৌধুরী, আবদুল আজিজ, চিত্রলেখা গুহ, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, আফসানা মিমি, আজিজুল হাকিম, আরমান পারভেজ মুরাদ, রওনক হাসান, নাসিম, দীপা খন্দকার, রাশেদ মামুন অপু ও শাহাদাত হোসেন প্রমুখ তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত স্মৃতি তুলে ধরেন।

তাদের কথায় উঠে আসে শামস সুমন-এর অভিনয়গুণ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং মানবিক দিক। স্মৃতিচারণে বারবার ফুটে ওঠে তার সহজ-সরল ব্যক্তিত্ব ও কাজের প্রতি নিবেদন।

হলভর্তি দর্শক শিল্পীদের এসব স্মৃতিচারণে যেন নতুন করে আবিষ্কার করেন শামস সুমন-কে। পুরো আয়োজন জুড়েই ছিল আবেগঘন পরিবেশ, যা উপস্থিত সবার মনে নাড়া দেয়।

উল্লেখ্য, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গত ১৭ মার্চ অকাল প্রয়াত হন শামস সুমন। তার এই হঠাৎ চলে যাওয়া সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নামায়। সেই শোককে স্মৃতিচারণে রূপ দিতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *