BSF Border Security in Bengal: ভোটের ডিউটিতে অর্ধেক BSF, সীমান্তে পাহাড়া দেবে কে? তৈরি ব্লু-প্রিন্ট

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে হাসনাবাদে হাজির বিএসএফের ডিজি, নির্বাচনে অনুপ্রবেশের আশঙ্কা সীমান্ত সুরক্ষা বাহিনীর। নজরদারি কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্ত। ভোটের আবহে জামাত ঘাঁটি সংলগ্ন বঙ্গের গ্রামগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন, সীমান্ত সুরক্ষায় কোনওরকম ত্রুটি থাকবে না। ভোটের সময় কোনও অনুপ্রবেশকারী বাংলায় ঢুকতে পারবে না। 

এবার নির্বাচনের ঠিক আগে কতটা আঁটসাঁট পরিস্থিতি, তা খতিয়ে দেখতে এবার সীমান্তে হাজির খোদ বিএসএফের ডিজি প্রভীন কুমার। বিএসএফ সূত্রে খবর, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তর রাজারহাট এবং দক্ষিণেশ্বরের আলমবাজারে বিএসএফের সেক্টর সদর দফতরে করলেন উচ্চপর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার দুপুরে পৌঁছে গেলেন হাসনাবাদের সীমান্তবর্তী অংশে। সেখানকার কী পরিস্থিতি, তা খতিয়ে দেখে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের একাধিক নির্দেশ দেন তিনি। 

মূলত রাতে নজরদারি বৃদ্ধির জন্য উচ্চমানের দূরবীন এবং লাইটের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। বিশেষ করে নদীপথগুলি ভালোভাবে যাতে দেখা হয় সেই নির্দেশও দিয়েছেন বলে সূত্রের খবর। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া থাকলেও সব থেকে চিন্তার জায়গা মালদহ এবং মুর্শিদাবাদ। বর্তমানে এসআইআর নিয়ে যে ঘটনা ঘটেই চলেছে মালদহের বিভিন্ন পকেটে, তা সীমান্ত থেকে খুব একটা দূরে নয়। সেক্ষেত্রে বিএসএফের নজর রয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। কারণ, মালদহ এবং মুর্শিদাবাদের ওপারে থাকা চাঁপাইনবাবগঞ্জ বা অন্যান্য অংশে জামাত-শিবির যথেষ্ট শক্তিশালী। স্বাভাবিকভাবেই ডিজির বৈঠকে জামাত শক্তিশালী অংশ লাগোয়া সীমান্তবর্তী গ্রামগুলির প্রসঙ্গ উঠে আসে বলে বিএসএফ সূত্রে খবর। 

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত সীমান্ত নিয়েও ডিজির বৈঠক করার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে থাকার মধ্যেই বিএসএফের ডিজির বঙ্গে আসা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছে বিভিন্ন মহল। কেন্দ্রীয় বাহিনীর প্রায় দুই লক্ষ জওয়ান বাংলার নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হতে চলেছেন। যার মধ্যে বিএসএফের অর্ধেক বাহিনী থাকছে এই সুরক্ষার দায়িত্বে। কিন্তু এই কাজ করতে গিয়ে যাতে কোনওরকম সীমান্ত ফাঁক না থেকে যায়, নজরদারির ক্ষেত্রে কোনওরকম ত্রুটি না থাকে, সেই নির্দেশ বিএসএফের ডিজি দিয়েছেন। আগামী কয়েক দিন তিনি কলকাতায় থাকছেন বলেও জানা যাচ্ছে। এই সময়কালে আরও বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *