পুরনো সিলেবাসে পড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল West Bengal Council of Higher Secondary Education। সংসদের তরফে জারি করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা চাইলে এবার নতুন সেমিস্টার সিস্টেমে অন্তর্ভুক্ত হতে পারবেন।

এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সংসদের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে অপশন ফর্ম পূরণ করে নতুন করে নাম নথিভুক্ত করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের লগইন ব্যবহার করে এই ফর্ম পূরণ করা যাবে।

যে সমস্ত পড়ুয়া একাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলেও উচ্চ মাধ্যমিক বা টেস্ট পরীক্ষায় বসেননি বা সফল হননি, তাঁদের জন্য এই সুযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পূর্ণ করতে পারবেন।

সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, অপশন ফর্ম অনুমোদিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী নতুন সিস্টেমে অন্তর্ভুক্ত হবেন। এরপর তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য নতুন করে এনরোলমেন্ট করতে হবে। প্র্যাক্টিকাল পরীক্ষাও নতুনভাবে নেওয়া হবে এবং প্রাপ্ত নম্বর সংসদের পোর্টালে আপলোড করা হবে।

তবে একটি গুরুত্বপূর্ণ দিক হল, প্রযুক্তিগত কারণে পুরনো সিলেবাসের পড়ুয়ারা নতুন সেমিস্টার সিস্টেমে যোগ দিলে আগের বিষয় বিন্যাস (subject combination) নাও পেতে পারেন।

অন্যদিকে, যারা পুরনো সিলেবাসেই পরীক্ষা দিতে চান, তাঁদের কোনও অপশন ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। তবে যেসব পড়ুয়া একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হননি, তাঁদের আগের রেজিস্ট্রেশন বাতিল হওয়ায় নতুন করে সেমিস্টার সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *