পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার কমিশন জানিয়েছে, বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের তথ্য নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।

এই তথ্য সামনে আসতেই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুধবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে সকল ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানোর ঘটনায় কটাক্ষ করে বলেন, “এরা পারে না, এমন কাজ নেই।”

কমিশন জানিয়েছে, নিষ্পত্তি হওয়া ভোটারদের তথ্য ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রথম অতিরিক্ত তালিকা থেকে প্রায় ১২ লক্ষ নাম বাদ পড়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে, পরবর্তী তালিকাগুলিতেও আরও নাম বাদ পড়তে পারে। আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপর থেকে প্রতিদিন নিষ্পত্তির আপডেট ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল।

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষের বেশি নাম। পরে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার নাম বাদ যায়। সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষে মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।

কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় থাকা প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে ‘নো-ম্যাপিং’ এবং তথ্যগত অসঙ্গতির কারণে বিপুল সংখ্যক ভোটারকে ডাকা হয়। প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয়, যার মধ্যে ৮২ লক্ষের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে এই বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি করা হচ্ছে। সেই প্রক্রিয়া এখনও চলছে এবং আগামী দিনে আরও তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে চূড়ান্ত ছবিও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *