চট্টগ্রাম নগরের সদরঘাটে ছুরিকাঘাতে সজীব চন্দ্র নাথ (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে সদরঘাট থানাধীন জেটিগেটের সামনে ট্রাক পার্কিংকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সজীব চন্দ্র নাথ জোরারগঞ্জ থানার তেমুহানী এলাকার প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. নুরু আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে সদরঘাট থানাধীন জেটিগেট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া লাগে। এতে এক চালকের ছুরিকাঘাতে অপর চালক সজীব চন্দ্র নাথ আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পরপর অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালক ইউসুফ হোসেন বিজয়কে (২৪) আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

আটক ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া জেলার হলেও বর্তমানে সে নগরীর সাগরিকা জমজম টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *