শহরের পাতালপথ যত বিস্তৃত হচ্ছে, ততই বাড়ছে যাত্রীসংখ্যা। তবে সেই যাত্রীদের একাংশ এখনও মেট্রোর নিয়ম সম্পর্কে সম্পূর্ণ অবগত নন। ফলে নিষিদ্ধ সামগ্রী নিয়ে মেট্রোয় উঠতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়ছেন অনেকে। এই পরিস্থিতি সামাল দিতেই এবার একাধিক স্টেশনে নিষিদ্ধ সামগ্রীর তালিকা টাঙিয়ে দিল Kolkata Metro কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বহু যাত্রী প্রতিদিন এমন জিনিস বহন করে আনছেন, যা মেট্রোয় নিয়ে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে নির্মাণ শ্রমিকদের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল, করাতের মতো সরঞ্জাম থাকছে। অনেক সময় তাঁরা স্ক্যানারে ব্যাগ দিতে চান না, ফলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা তৈরি হয়।
এছাড়া, সাধারণ যাত্রীদের মধ্যেও সচেতনতার অভাব দেখা যাচ্ছে। অনেকেই জানেন না যে চারাগাছ, কাঁচা মাংস, মাছ বা মদ নিয়েও মেট্রোয় ওঠা যায় না। সেই কারণেই স্টেশনগুলিতে স্পষ্টভাবে তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা আগে থেকেই সতর্ক হতে পারেন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ধারালো অস্ত্র যেমন তরবারি, বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি বা কাঁচি বহন করা বেআইনি। একইভাবে বিস্ফোরক পদার্থ—ডিনামাইট, গানপাউডার, আতশবাজি বা হ্যান্ড গ্রেনেড—নিয়েও প্রবেশ নিষিদ্ধ।
সরঞ্জামের মধ্যে কুঠার, শাবল, হাতুড়ি, করাত, স্ক্রু-ড্রাইভারও নিষিদ্ধ তালিকায় রয়েছে। দাহ্য পদার্থ হিসেবে পেট্রোলিয়াম, স্পিরিট, মদ বা অন্যান্য দাহ্য তরল বহন করা যাবে না। পাশাপাশি অ্যাসিড, বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় বস্তু, এমনকি মানবদেহের অংশ, মৃত প্রাণীর দেহাবশেষ বা সিল না করা কাঁচা খাদ্যও নিষিদ্ধ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়ম ভঙ্গ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা এবং চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
প্রশাসনের মতে, যাত্রীদের সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য, যাতে নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যায়।
