শনিবার নিজেদের পঞ্চম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে কেরালা ব্লাস্টার্স। তার আগে ক্লাবের অন্দরে ‘শত্রু’দের নিয়ে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অক্সার ব্রুজো। বিস্ফোরক মন্তব্য করে লাল-হলুদের হেডস্যর বলেন “ক্লাবের সঙ্গে যুক্ত কিছু লোক দলের উন্নতি চায় না।” এবার এর পালটা দিলেন ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ব্রুজো বলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত কিছু লোক আছে, যারা দলের উন্নতি করতে চায় না। হয়তো ইচ্ছাকৃতভাবে দলে বিভক্ত বা অস্থির করে তোলার চেষ্টা করে তারা। সমর্থকদের হতাশা নিয়ে ন্যারেটিভ ছড়ায়। তবে দলের মধ্যে আমরা সেসব আমল দিচ্ছি না।”

আরও পড়ুন:

এবার দেবব্রত সরকার বলেন, “অস্কারের উপর আমরা আস্থাশীল। আমরা বিশ্বাস করি, ওর মাধ্যমেই সাফল্য আসবে। নিজের হাতে দল গড়েছে ও। এ বছর কোম্পানিও বাড়তি অর্থ দিয়েছে। সবাই মিলে আমরা এটাই চেষ্টা করেছি, কোচ কোচের মতো করে দল করে সাফল্য আনবে।” কোচকে বাইরের কথা কান না দিয়ে দলের প্রতি মনোযোগী হওয়ার কথা বলেছেন লাল-হলুদ কর্তা। “কোচের প্রতি একটাই অনুরোধ থাকবে, দলের প্রতি ফোকাস করো। বিশ্বজুড়ে অনেক সমর্থকরাই হতাশায় ভোগে। প্রতিক্রিয়া দেয়। আমাদের সম্পদ হচ্ছে সভ্য সমর্থকরা। তাদেরকে তুমি আঘাত দিও না।” মন্তব্য দেবব্রতর।

ব্রুজোর মন্তব্যে কি দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে? “কোচ হল পেশাদার। সে আজ আছে কাল নেই, চলে যাবে। ওর কথায় আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। একটাই অনুরোধ করতে পারি, ওর যদি কোনও বক্তব্য থাকলে সেটা বোর্ড মিটিংয়ে বলুক। সেখানে কোচ যদি কারওর সম্পর্কে নির্দিষ্ট করে বলে, তখন আমরা ব্যবস্থা নিতে পারব।” উল্লেখ্য, এবারের আইএসএলের শুরুটা অসাধারণ করেছিল ইস্টবেঙ্গল। তবে প্রথম দুই ম্যাচ জয়ের পর কেমন যেন খেই হারিয়ে ফেলেছে অক্সার ব্রুজোর দল। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছিল। এরপর এফসি গোয়ার গাঁটে জয় হাতছাড়া হয়েছে লাল-হলুদের। শনিবার কেরালা ম্যাচের আগে লাল-হলুদের হেডস্যরের এমন মন্তব্য নিয়ে ময়দানে জল্পনা শুরু হয়েছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *