বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস থেকে
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানা
গেছে।
প্রতিষ্ঠানটিতে কর্মরতরা বলছেন, ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের
দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করছিল বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ।
ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের
বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ এনেছেন
বিক্ষুব্ধরা।
প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক
মো. মানিকুল আজাদ বিবিসি বাংলাকে বলেন,
কর্মীদের সঙ্গে খারাপ আচরণের কারণে অনেকদিন ধরেই তার ওপর ক্ষোভ বিরাজ করছিল।
“সব কন্ট্রোল ওনার হাতে রাখতেন, কাউকে
সম্মান দিতেন না। কেউ কিছু বলতে গেলেই তাকে বদলি করে দিতেন। সব মিলিয়ে ক্ষোভের একটা
বিস্ফোরণ হয়েছে।”
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে
মাহবুব মোর্শেদ। সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে তার বিরুদ্ধে এসব ঘটনার পেছনে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বা বিএনপিকে দায়ি করেছেন তিনি।
তিনি বলছেন, “আমাকে এই পদে না
রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে
না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?”
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের
পর ২০২৪ সালের ১৭ই অগাস্ট দুই বছরের চুক্তিতে মি.
মোর্শেদকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
