কলকাতা: হাড়কাঁপানো ঠান্ডা উধাও হলেও এখনই রাজ্য থেকে বিদায় নিচ্ছে না শীত। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারির শেষ এমনকি মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ।
কেমন থাকবে আবহাওয়া? পাহাড়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার আগমনের কারণে সমতলে জাঁকিয়ে শীতের দাপট কিছুটা কমেছে। বর্তমানে রাজ্যে চলছে মনোরম আবহাওয়া। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও, বিকেল গড়াতেই নামছে হালকা ঠান্ডা। এই ‘ঠান্ডা-ঠান্ডা’ ভাব এখনই যাওয়ার নয়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গোটা ফেব্রুয়ারি মাস এবং মার্চের প্রথম দশ দিন পর্যন্ত এই আরামদায়ক শীতের অনুভূতি বজায় থাকবে। অর্থাৎ, এখনই লেপ-কম্বল তুলে রাখার সময় আসেনি।
দক্ষিণে শুষ্ক, উত্তরে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুকনো থাকবে। তবে আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গে। আগামী ৩-৪ দিন দার্জিলিং ও কালিম্পংয়ের মতো উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, উঁচু পাহাড়ি এলাকাগুলিতে হতে পারে তুষারপাতও।
