কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের আগামী রবিবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে ছুটির দিনেও ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা।
বিকল্প রুট বা ট্রাফিক ডাইভারশন সেতু বন্ধ থাকায় রবিবার শহরের একাধিক রাস্তায় গাড়ির দিক পরিবর্তন করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর বদলে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হবে।
- এজেসি বোস রোড থেকে: জিরাট আইল্যান্ড হয়ে এজেসি বোস রোড ধরে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসে, সেগুলিকে টার্ফ ভিউ, হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। অথবা হেস্টিংস থেকে কেপি রোডের দিকে ঘোরানো হবে।
- জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে: এই পথ ধরে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট ও হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
- খিদিরপুর থেকে: খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বগামী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরবে।
- কেপি রোড থেকে: বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ওয়াই পয়েন্টের সামনে ঘোড়া পাস (Ghora Pass) ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে।
কেন বন্ধ সেতু? হাওড়া ও কলকাতার যোগাযোগের অন্যতম লাইফলাইন এই সেতু। ভারতের দীর্ঘতম কেবল সেতু (৮২৩ মিটার) হিসেবে পরিচিত বিদ্যাসাগর সেতুর বয়স ২৭ বছর পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২৫ বছর পেরোলেই সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্ট বদলানোর প্রয়োজন হয়। সেই কারণেই এইচআরবিসি-র (HRBC) বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে গত কয়েক সপ্তাহ ধরে মেরামতির কাজ চলছে।
তবে প্রতি রবিবার দিনের বেলায় সেতু বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের প্রশ্ন, যানজট এড়াতে কেন রাতের দিকে এই মেরামতির কাজ করা হচ্ছে না? যদিও প্রশাসনের দাবি, সুরক্ষার স্বার্থেই দিনের আলোয় দ্রুত কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
