খবর অনলাইন ডেস্ক: আদিত্য ধর পরিচালিত রণবীর সিংহ অভিনীত অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি শুধু দর্শকদের মধ্যেই নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। রামগোপাল বর্মা, কর্ণ জোহর, আদিত্য চোপড়া ও অনুরাগ কাশ্যপের পর এবার ছবিটির ভূয়সী প্রশংসা করলেন প্রবীণ চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।
জুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, “আমি ধুরন্ধর দেখেছি। এটি একটি দুর্দান্ত ছবি, খুব ভালোভাবে তৈরি। আমি পরিচালকের নম্বর খুঁজে বের করে তাকে ফোন করেছিলাম এবং এই তরুণ পরিচালককে অভিনন্দন জানিয়েছি। সত্যিই খুব ভালো ছবি।”
এই প্রশংসার মধ্যেই জাভেদ আখতার অন্য একটি কারণে সম্প্রতি শিরোনামে এসেছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলা যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার ২’-এর জন্য তাঁকে পুরনো জনপ্রিয় গানগুলিতে অতিরিক্ত কথা লেখার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ বলেন, পুরনো গানে নতুন লিরিক যোগ করার প্রবণতা আসলে ‘বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দেউলিয়াপনা’। তাঁর মতে, পুরনো সাফল্যকে পুনর্ব্যবহার না করে নতুন গান তৈরি করাই সৃজনশীলতার প্রকৃত পরিচয়।
‘ধুরন্ধর’ মুক্তির পরপরই শ্রীরাম রাঘবনের ছবি ‘ইক্কিস’ মুক্তি পায় এবং সমাজমাধ্যমে দুটি ছবির তুলনা শুরু হয়। যেখানে ‘ইক্কিস’ ‘অতিরিক্ত শান্তিবাদী’ মনোভাবের জন্য সমালোচিত হয়, সেখানে পাকিস্তান সংক্রান্ত বিষয়ে সাহসী ও আপসহীন অবস্থানের জন্য ‘ধুরন্ধর’ প্রশংসিত হয়।
