কমলাপুর স্টেডিয়ামের নতুন মাঠে গতকাল মঙ্গলবার হয়েছে নারী ফুটবল লিগের পাঁচ ম্যাচ। যার চারটিই হয়েছে একপেশে। বড় বড় জয় তুলে নিয়েছে শিরোপা রেসে থাকা তিন দল। তবে দিনের সবচেয়ে বড় জয় দিয়ে চলতি লিগের জয়ের খাতা খুলেছে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। তারা ৯-১ ব্যবধানে হারিয়েছে কাচারিপাড়া একাদশকে। কাগুজে সেরা রাজশাহী স্টারস ৮-০ ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে, ফরাশগঞ্জ এবং বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব একই ৭-০ ব্যবধানে যথাক্রমে হারিয়েছে সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব ও ঢাকা রেঞ্জার্সকে। এদিন পাঁচ গোল করে সব আলো কেড়ে নেন নাসরিন একাডেমির পপি রানি। চারটি করে গোল আছে ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়র, আর্মির উন্নতি খাতুনের। হ্যাটট্রিক আছে নাসরিনের সোমা আক্তারেরও।
পাঁচ রাউন্ড শেষে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্মি। চারটি করে ম্যাচ খেলে সমান ১২ পয়েন্টে যথাক্রমে দুইয়ে ফরাশগঞ্জ আর তিনে রাজশাহী। ফরাশগঞ্জ চার ম্যাচে করেছে ৪৯ গোল। যার ১৮টিই শামসুন্নাহার জুনিয়রের। তিনিই আছেন সর্বাধিক গোলদাতার তালিকার শীর্ষে। গতকাল দুর্বল সদ্যপুষ্করিণীর গোলমুখ খুলেছিলেন তিনিই। ১১ মিনিটে শুরু হয় তাদের গোলোৎসব। এরপর ৪৪ মিনিটে দ্বিতীয় ও প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন। বিরতি থেকে ফিরে শামসুন্নাহার সিনিয়রের গোলে ৪-০ করে ফরাশগঞ্জ। দুই মিনিট পর দলটির নেপালি ফরোয়ার্ড পূজা রানা গোল করেন। পর মুহূর্তেই গোলের তালিকায় যোগ হয় অনামিক ত্রিপুরার নাম। আর ফরাশগঞ্জের হয়ে ৬০ মিনিটে সর্বশেষ গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। এমন পারফরম্যান্সে চার ম্যাচে সেরার স্বীকৃতি পাওয়া এ ফরোয়ার্ড লিগটা উপভোগের কথা বলেছেন, ‘সবাই আমার ওপর ভরসা করে। তাই আমিও চেষ্টা করছি আমার দলকে সেরাটা দেওয়ার। তবে ভালোই যাচ্ছে। অনেক সময় অনেক মিস হয়, আবার গোল হয়। সে ক্ষেত্রে অবশ্যই ভালো লাগে যে গোল করতে পারলাম। টানা চার খেলা ম্যাচসেরা হয়েছি। এটা তো একটা রেকর্ডও।’ তবে কত গোলে থামবেন, শেষ পর্যন্ত সে ধরনের কোনো লক্ষ্য তিনি নির্ধারণ করতে চাচ্ছেন না। বরং চাইছেন ধারাবাহিক থেকে দলকে এগিয়ে নিতে। অসুস্থতা নিয়ে কাল মাঠে নেমেও ঠিকই ছন্দ ধরে রেখে গোলের মালা গেঁথেছেন শামসুন্নাহার। নিজের পারফরম্যান্সে তাই তিনি বেজায় খুশি, ‘আমি অনেক অসুস্থ ছিলাম। তাই আমি নিজেকেই এ ম্যাচের পারফরম্যান্স উৎসর্গ করছি। এটা আমার জন্য কঠিন পরীক্ষা ছিল। কারণ আমার শরীর খুবই অসুস্থ। তারপরও খেলেছি, কারণ আমাদের বদলি খেলোয়াড় ওই মানের নেই।’
শিরোপা লড়াইয়ে থাকা দলগুলোর মধ্যে শক্তি বিচারে ফরাশগঞ্জের সমপর্যায়ে আছে রাজশাহী স্টারস। নবাগত দলটিও কাল পেয়েছে চতুর্থ জয়ের দেখা। বাংলাদেশ আনসারকে হেসে-খেলে ৮-০ ব্যবধানে হারিয়েছে দলটি। প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে থাকার পর তারা আরও পাঁচ গোল করেছে। ম্যাচের ১১ মিনিটে রিপা ডানদিক দিয়ে আক্রমণে উঠে গোলমুখে কাটব্যাক দেন। ফাঁকায় থাকা আলপি চলন্ত বল সহজেই জালে জড়ান। ২১ মিনিটে ব্যবধান বাড়ান রিপা। বাঁ-দিক দিয়ে আক্রমণে ওঠা ঋতুপর্ণার লো-ক্রস চলে যায় ডানপ্রান্তে। চলন্ত বলে রিপার ডান পায়ের কোনাকুনি শট জালে জড়ায়। ম্যাচের ৩০ মিনিটে রিপার কাটব্যাকে প্রীতির দুর্বল প্লেসিং আনসার কিপারকে বোকা বানিয়ে জালে জড়ালে ৩-০ গোলে এগিয়ে যায় রাজশাহী। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে রাজশাহী। ৫৮ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে সুযোগে প্রথম গোল করেন রেশমী আক্তার। পাঁচ মিনিট পর আলপির পাস পেয়ে বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা। ৭৭ মিনিটে সতীর্থের লম্বা ক্রস পেয়ে দুবারের চেষ্টায় দ্বিতীয় গোল করেন রেশমী। আর ৭৯ মিনিটে মুনকি ও ৮৬ মিনিটে পূজা গোল করে রাজশাহীর জয়ে অবদান রাখেন। বাংলাদেশ আর্মিও জয়ের ধারা অব্যাহত রেখেছে। কাল তারা উন্নতি খাতুনের চার গোলের সুবাদে ঢাকা রেঞ্জার্সকে সহজেই হারিয়েছে। উন্নতি ২১, ৪৯, ৭০ ও ৮১ মিনিটে গোল করেন। এ ছাড়া জয়ন বিবি রিতা দুটি ও সুলতানা একটি গোল করেন।
টানা চার ম্যাচ হারার পর গতকাল প্রথম জয়ের দেখা পেয়েছে নাসরিন একাডেমি। দলটির হয়ে পপি রানি একাই করেন ৫ গোল। এ ছাড়া হ্যাটট্রিক পেয়েছেন আসমা খাতুনও। দলের হয়ে অন্য গোলটি করেন সোমা আক্তার। কাচারিপাড়া একাদশের একমাত্র গোলটি করেন সোহেলী শারমিন।
দিনের শেষ ম্যাচে পুলিশ ১-০ গোলে হারায় বিকেএসপিকে।
