খবর অনলাইন ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৬-এর জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেলেন না তারকা ব্যাটার শুভমন গিল। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে রান না পাওয়াই তাঁর বাদ পড়ার প্রধান কারণ বলে জানিয়েছে নির্বাচক কমিটি। টি২০ ম্যাচে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও সূর্যকুমার যাদবকেই অধিনায়ক করা হয়েছে। একই সঙ্গে অলরাউন্ডার অক্ষর পটেলকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।
শনিবার দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, দলের কম্বিনেশনই ছিল গিলকে না রাখার মূল কারণ। তিনি বলেন, “শুভমন এই মুহূর্তে রান পাচ্ছেন না। আগের বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। দল বাছাইয়ের সময় কম্বিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি উইকেটকিপার ব্যাটসম্যান ওপেন করেন, তা হলে সেটাই আমাদের পরিকল্পনার সঙ্গে মানানসই। দুর্ভাগ্যবশত কাউকে না কাউকে বাদ পড়তেই হয়, যখন ১৫ জনের দল বাছা হয়।”
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও গিলের বাদ পড়া প্রসঙ্গে একই সুরে কথা বলেন। তাঁর কথায়, “এটা শুধুই গিলের ফর্মের বিষয় নয়। আমরা চাইছিলাম ওপেনিংয়ে একজন উইকেটকিপার ব্যাটসম্যান থাকুক। সেই ভাবনাতেই দল গঠন করা হয়েছে।”
এই সিদ্ধান্তের ফলে টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা। তাঁর জায়গায় চমকপ্রদ প্রত্যাবর্তন ঘটেছে ঈশান কিষানের। সাম্প্রতিক সময়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে শিরোপা জেতাতে ঈশানের বিস্ফোরক পারফরম্যান্স নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের দলে না থাকা রিঙ্কু সিংকে ফের টি২০ দলে ফিরিয়ে আনা হয়েছে, যা মাঝের ও শেষের দিকের ওভারে ভারতের ব্যাটিং শক্তি আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
ভারতের ঘোষিত দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ঈশান কিশন এবং হর্ষিত রানা।
