পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে প্রবাসীদের অবহিত করা এবং প্রবাসী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সহায়তায় সাধারণ প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা।

বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) মক্কায় এক মতবিনিময় সভার আয়োজন করে কনসুলেট।

মক্কা মিসফালায় বাংলাদেশ হজ মিশন কার্যালয়ে কাউন্সেলর এএসএম সায়েমের তত্ত্বাবধানে ও পরিচালনায় এই অবহিতকরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মক্কা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাধারণ রেমিট্যান্স যোদ্ধা ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ সময় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন, নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটদান, ব্যালট সংগ্রহ, ভোট প্রদানের প্রক্রিয়া এবং ভোটের গোপনীয়তা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কাউন্সেলর এএসএম সায়েম জানান, কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নির্দেশনায় ইতোমধ্যে মক্কা-মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিতে কনস্যুলেট টিম সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, ভোট প্রদান নাগরিকের অধিকার ও একটি পবিত্র আমানত। এ কারণে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রবাসীদের পোস্টাল ভোট অ্যাপে রেজিস্ট্রেশন ও ভোট প্রদানে উৎসাহিত করার আহ্বান জানান।

এছাড়াও ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে ব্যালটে ভোট দেওয়ার পর ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে সবাইকে সচেতন করা হয়। ভোটের গোপনীয়তা লঙ্ঘন করলে ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশন ও ভোট প্রদানের ধাপসমূহ তুলে ধরে একটি ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি ভোট প্রদান সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *