২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হওয়ার পর প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ড্র-পরবর্তী এক সাক্ষাৎকারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই কোচ প্রতিযোগিতার প্রস্তুতি, সম্ভাব্য প্রতিপক্ষ এবং ড্র মঞ্চে আসল ট্রফি ধরে রাখার অনুভূতি নিয়ে কথা বলেন।

স্কালোনি জানান, ড্র অনুষ্ঠানে আসল বিশ্বকাপ ট্রফি আবার স্পর্শ করতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘ট্রফিটা আবার হাতে তুলে নেওয়া—এটা ভাষায় বোঝানো কঠিন। ভেবেছিলাম মানুষ উপভোগ করবে। আমরা তো এখনো চ্যাম্পিয়ন।’

ড্র অনুযায়ী, গ্রুপ পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে ১৬ জুন আলজেরিয়া, ২২ জুন অস্ট্রিয়া ও ২৭ জুন প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লেখানো জর্ডানের। অনুষ্ঠান চলাকালীন সাদা গ্লাভস পরে ট্রফি ধরার কারণও ব্যাখ্যা করে তিনি জানান, ‘গ্লাভস ছাড়া ধরতে দেওয়া হয়নি। এটা নিয়ম।’

প্রতিপক্ষ বিশ্লেষণ করতে গিয়ে স্কালোনি বলেন, ‘আলজেরিয়ার কোচ পেটকোভিচ আমার পরিচিত—তিনি দারুণ দল তৈরি করেছেন। অস্ট্রিয়া চমৎকার বাছাইপর্ব খেলেছে। জর্ডান সবচেয়ে অচেনা হলেও ওরা এখানে এসেছে যোগ্যতার ভিত্তিতেই। কোনো ম্যাচই সহজ নয়।’

গ্রুপে শীর্ষে শেষ করতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ-এর রানার্স-আপ—স্পেন, উরুগুয়ে, কাবো ভার্দে বা সৌদি আরব। দ্বিতীয় হলে মোকাবিলা করতে হবে গ্রুপ এইচ-এর চ্যাম্পিয়নের সঙ্গে। স্কালোনি স্বীকার করেন, ড্র চলাকালে তিনি নার্ভাস হয়ে পড়েছিলেন, ‘বল ওঠার মুহূর্তে সবাই অপেক্ষায় থাকে। কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘খেলোয়াড়রা টুর্নামেন্টের আগে বহু ম্যাচ খেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ওরা যেন সুস্থ থাকে। শতভাগ ফিট কেউ থাকে না, তবে এর কাছাকাছি থাকতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটা দেব। প্রতিটি বলের জন্য লড়ব। আগের মতোই—শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *