SIR in Bengal: SIR-এর অতিরিক্ত কাজের চাপ এবার আরও এক বিএলও–র শারীরিক অসুস্থতার কারণ হল। রাজপুর–সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথের বিএলও তনুশ্রী হালদার নাইয়া শনিবার রাতে বুথে ফর্ম সংশোধনের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই তিনি মাথা ঘুরে সংজ্ঞা হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও সহকর্মীরা তড়িঘড়ি তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সহকর্মীদের দাবি, প্রতিদিন দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বিএলওদের। শনিবারই জয়নগর এলাকাতেও একই কারণে এক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরপর এমন ঘটনা SIR কাজের পরিকাঠামো ও মাঠপর্যায়ের কর্মীদের ওপর চাপ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
