Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। জানা গেছে রবিবার বিকেলে হঠাৎই একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তারপর পার্শ্ববর্তী আরও দুটি দোকানে আগুন লেগে যায়। একটি মোবাইল দোকান, একটি ঔষধ এর দোকান এবং একটি কসমেটিকের দোকান আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীকালে মেদিনীপুর থেকে একটি দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই সব দোকান। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলের দোকান। এই মোবাইলের দোকানে নতুন মোবাইল বিক্রি ছাড়াও সরানো হতো পুরনো মোবাইল। বহু মানুষ পুরনো মোবাইল সারানোর জন্য দিয়েছিল এই দোকানে। কিন্তু তা আজ সবই পুড়ে গিয়েছে। মাথায় হাত দোকান মালিকের। এই ঘটনা সময় কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা প্রোগ্রামে, খবর পেয়েই পৌঁছে যান এলাকায়। গোটা ঘটনা নিজে সরজমিনের খতিয়ে দেখে বলেন দোকানদারদের প্রচুর ক্ষতি হয়েছে। তিনি আশ্বাস দেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং সেইসঙ্গে তিনি জানান কেশপুরে যাতে একটি দমকল কেন্দ্র হয় তার ব্যবস্থা তিনি করবেন। কারণ হিসেবে তিনি বলেন কেশপুরে যে আগুন লেগেছিল দমকলের গাড়ি এসেছিল মেদনীপুর থেকে। যা সময় লেগেছিল প্রায় এক ঘন্টা। ততক্ষণে দোকানগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কেশপুরে যদি দমকল থাকতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হত।
