২০২৭-এ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে ঘর গোছাতে কোমর বেঁধে নামল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মথুরায় দু’দিনের চিন্তন শিবিরের পর আচমকা দিল্লিতে অমিত শাহর মুখোমুখি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, শাহর সঙ্গে একান্ত বৈঠকে উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের শক্তি-দুর্বলতা এবং আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হল রাজ্যে দলের অন্তর্কলহ মেটানো নিয়ে।
মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন যোগী। সেখানে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষও ছিলেন। তারপর তিনজন একসঙ্গে অমিত শাহর বাড়িতে যান। সেখানেও দীর্ঘক্ষণ বৈঠক হয়। চমকপ্রদ বিষয় হল, মথুরার চিন্তন শিবিরের পর যোগীর দিল্লিতে আসার কোনও পরিকল্পনা ছিল না। তাঁর যাওয়ার কথা ছিল আগ্রা। কিন্তু একপ্রকার আচমকা তিনি দিল্লি চলে আসেন। স্বাভাবিকভাবেই যোগীর দিল্লি যাত্রা নিয়ে জল্পনা-কল্পনা দুইই বাড়ছে।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে যোগী সরকারের ভূমিকা, সংগঠনের সঙ্গে সরকারের সমন্বয় এবং ভোটের মুখে নেতৃত্বের কৌশল- সব প্রশ্নেই কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান স্পষ্ট করতে যোগীকে ওই বৈঠকে ডাকা হয়েছিল। ২০২৭-এর মহারণে নামার আগে তাই উত্তরপ্রদেশের ভোটের ছক দিল্লিতেই কষে নিতে চলেছে বিজেপি। আসলে বেশ কিছুদিন ধরেন গোষ্ঠীদ্বন্দ্ব ভোগাচ্ছে উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বকে। দুই উপমুখ্যমন্ত্রীর কারও সঙ্গেই মুখ্যমন্ত্রী যোগীর তেমন সখ্য নেই বলে শোনা যায়। আবার যোগীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু জনমানসে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। এই আবহে অমিত শাহর বৈঠকে আগামী নির্বাচনে যোগীর ভূমিকা কী হবে, সেটাই যে মুখ্য আলোচ্য বিষয় ছিল, তা স্পষ্ট।
এর আগে মথুরায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গো-গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত দু’দিনের বৈঠকে যোগী ছাড়াও হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে এবং দুই উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক-সহ শীর্ষনেতৃত্ব। শ্রীকৃষ্ণ জন্মভূমি ইস্যুকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
