ডিসেম্বর যত এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হচ্ছে শেখ হাসিনার জন্মস্থান ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জ। এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ামির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভিতরে ভাঙচুর চালাতেও দেখা গিয়েছে।
স্থানীয়রা জানান, পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। থানার এখন কার্যত অস্বিত্ব নেই। শুধু তা-ই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড দেওয়া হয়েছে, যেন বাইরে থেকে কোনো ফোর্স ঢুকতে না পারে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে.।
আরও পড়ুন:
এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সাংসদ এসএম জিলানির বাড়িতেও ভাঙচুর করা ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার একই সঙ্গে আওয়ামি লিগের গাজিপুর জেলা কমিটির সভাপতি ও প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজিপুর শহরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ শহরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় রাত সওয়া ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মহম্মদ আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি মোজাম্মেল হকের শহরের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা বিশাল বাড়িটি অক্ষত রয়েছে।এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
সার্বিকভাবে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আগে গোটা বাংলাদেশ জুড়েই কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে আওয়ামি লিগ। বিশেষ করে আওয়ামি ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জ নিয়মিত খবরের শিরোনামে। এই গোপালগঞ্জের মাটি থেকেই শোনা যাচ্ছে ‘দ্বিতীয় স্বাধীনতা’র স্লোগান। রবিবার গভীর রাতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের ভিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিয়ে আওয়াজ তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামির নেতাকর্মীরা। ‘গোপালগঞ্জ স্বাধীন!’ এই স্বরও শোনা গিয়েছে। আওয়ামি লিগের নেতা-কর্মী-সমর্থকদের দাবি, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তারপর থেকেই নিয়মিত আগুন জ্বলছে গোপালগঞ্জে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
